যদি এবার আসো, তবে আমার হয়ে এসো
পুরাতন সব স্মৃতিগুলো, ফেলে রেখে এসো
মুঠো বিকেলের নরম ভালোবাসা হয়ে এসো
চোখের বিষণ্নতা মুছে এক চিমটি সুখ হয়ে এসো।
যদি এবার আসো, তবে আমার হয়ে এসো
গাদোয়ালের লাল পাড়ের শাড়ি পরে এসো
কপালে ছোট্ট একটা লাল টিপ পরে এসো
খোঁপায় এক মুঠো বেলি ফুল গুছিয়ে এসো।
যদি এবার আসো, তবে আমার হয়ে এসো
হুট খোলা এক রিকশা বৃষ্টি হয়ে এসো
পায়ের তলায় সবুজ ঘাস হয়ে এসো
খোলা চুলে এক আকাশ মেঘ হয়ে এসো।
যদি এবার আসো, তবে আমার হয়ে এসো
দক্ষিনের হাওয়ায় খোলা জানালা হয়ে এসো
বারান্দার সিঁড়িতে রঙ্গিন নকশা হয়ে এসো
গাড় অন্ধকারে জোনাকির আলো হয়ে এসো।
যদি এবার আসো, তবে আমার হয়ে এসো
অপেক্ষার শেষ প্রান্তের ভালোবাসা হয়ে এসো
শাড়ির আঁচলে নতুন দিনগুলো হয়ে এসো
আমার হয়েই এসো, যদি এবার আসো।।।