শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

গোলাপগঞ্জে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • দেলোয়ার হোসেন মাহমুদ
  • ২০২৫-১২-১৮ ২২:২৮:১৪

গোলাপগঞ্জ প্রতিনিধি:: সিলেটের গোলাপগঞ্জে মধ্যরাতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন, যাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ সদর ইউনিয়নের উত্তর গোয়াসপুর (পাত্তিউরা) এলাকায় একটি যাত্রী ছাউনির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গোয়াসপুর এলাকার জিতু মিয়ার ছেলে আব্দুল আহাদ (৪৩) এবং রানাপিং এলাকার লাল মিয়ার ছেলে ছাব্বির (২১)।
আহতরা হলেন- জুড়ি উপজেলার বাচিরপুর এলাকার আকমল হোসেনের ছেলে জাকির আহমদ (৩৫) ও গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ফাজিলপুর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে আরিফুল হক জয় (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে গোলাপগঞ্জগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন মোটরসাইকেলের প্রচণ্ড গতিতে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের চার আরোহীই ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।
বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং রক্তাক্ত অবস্থায় চারজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছানোর পর চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে আব্দুল আহাদ ও ছাব্বির মারা যান।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তর গোয়াসপুর এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে হতাহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ বর্তমানে ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 

 


এ জাতীয় আরো খবর