সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অভিযোগটি করেন জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ।
অভিযোগে নাম থাকা অন্য দুই ব্যক্তি হলেন মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ। বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জুয়েল জানান, চারজনের বিরুদ্ধেই একই অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারীরা দেশে থেকে রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অভিযুক্ত চারজন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এসব কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করা হয়েছে।
এতে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার প্রচারণা চালাচ্ছেন। অভিযোগ অনুযায়ী, এসব কার্যক্রমের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে।
অভিযোগে দাবি করা হয়, অভিযুক্তদের বক্তব্য ও অনলাইন তৎপরতায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা উসকানি পাচ্ছে, যার ফলে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সহিংসতা ও অবকাঠামো ধ্বংসের মতো কর্মকাণ্ডে তারা জড়াচ্ছে।
এদিকে একই রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।
কীওয়ার্ডস:আনিস আলমগীর,মেহের আফরোজ শাওন,সন্ত্রাসবিরোধী আইন