মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীরের স্মৃতিসৌধে পুস্পার্ঘ অর্পণ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-১২-১৪ ২০:১৪:৫৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায়  এবং দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫  এবং বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৪ তম শাহাদৎবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার(১৪ডিসেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে বীরশ্রেষ্ঠ  জাহাঙ্গীরের শাহাদৎবরণস্থলে নির্মিত স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেত-ু১) সংলগ্ন  সড়ক ভবনের ভেতর অবস্থিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবী এবং ক্যাপ্টেন জাহাঙ্গীরের প্রতি শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধাগণ,জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান,বিভিন্ন সাংস্কৃতিক,সমাজিক ও রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ,পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন প্রমুখ।
এর আগে জাতীয় সংগীত পরিবশেন ও  জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বাংলার এই বীর সন্তানসহ শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করা হয়। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে এই স্থানে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহিদ হন বাংলার দামাল ছেলে ক্যাপ্টেন জাহাঙ্গীর।
এরপর জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক  গৌড়ের ছোট সোনামসজিদ প্রাঙ্গণে  দিবসের মূল অনুষ্ঠানে ক্যাপ্টেন জাহাঙ্গীর ও  মুক্তিযযুদ্ধের অপর বীর সেনা ৭ নং সেক্টর কমান্ডার শহীদ মেজর নাজমুল হকের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়।  এ সময় জেলা, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদ,পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি শাহজাহান মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ প্রমুখ। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ সদরে শাহাদাৎবরণ করলেও ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর বরিশাল বাবুগঞ্জের সন্তান ক্যাপ্টেন জাহাঙ্গীরকে তাঁর শেষ ইচ্ছানুযায়ী সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।  সোনামসজিদ প্রাঙ্গণের অনুষ্ঠান শেষে নিকটের অজানা শহিদদের গণকবরে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে  শ্রদ্ধা জানানো হয়।
বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 


এ জাতীয় আরো খবর