বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

এ স এ ম আ জা দ হো সে ন

  • নীরবতার রক্তাক্ত অক্ষর
  • ২০২৫-১২-১৪ ১৯:১৫:১০

এই শহরে আজ শব্দ কম,
চিন্তা বেশি ভারী।
কালো ব্যাজের ভেতর লুকিয়ে আছে
অগণিত প্রশ্ন-
কেন বুদ্ধিরাই আগে মরলো?

১৪ ডিসেম্বর মানে
খোলা চোখে অন্ধ হয়ে যাওয়া একটি জাতি,
যাদের কলম ছিল অস্ত্র,
চিন্তা ছিল দুর্গ,
তাদেরই তুলে নিয়ে যাওয়া হয়েছিল
রাতের অন্ধকারে,
রাষ্ট্রহীন এক ভোরের জন্য।

তারা আর ফেরেনি-
ফিরেছে রায়েরবাজারের মাটি,
মিরপুরের নীরবতা,
আর আমাদের আজীবন দায়।

আজ আমরা ফুল দিই,
কিন্তু ফুলের নিচে কি দিই
বুদ্ধিবৃত্তিক সততা?
নাকি আবারও মেনে নিই
চিন্তা হত্যা, প্রশ্ন দমন,
আর সুবিধাজনক নীরবতা?

শহীদ বুদ্ধিজীবীরা শুধু স্মৃতি নন,
তারা প্রতিদিনের বিবেক।
যখন সত্য বলা কঠিন হয়,
যখন যুক্তি ভয় পায়-
তখনই তারা আরও জীবিত।

এই ডিসেম্বর আমাদের শেখায়-
দেশ বাঁচে শুধু পতাকায় নয়,
দেশ বাঁচে চিন্তায়,
দেশ বাঁচে সত্যে,
দেশ বাঁচে সাহসে।

আজ শোক নয়,
আজ শপথ-
বুদ্ধিকে আর কখনো
একা পড়ে থাকতে দেবো না।

শহীদ বুদ্ধিজীবী দিবসে
নীরব শ্রদ্ধা, দৃঢ় প্রতিজ্ঞা।


এ জাতীয় আরো খবর