শিশির সিক্ত সবুজ ঘাসে
ভিজলো শিলার পা,
হেন্তেরই শীতল ছোঁয়ায়
শিউরে ওঠে গা।
পাকা ধানের গন্ধে ভরা
হিজলতলির মাঠ,
মাঠ পেরিয়ে উজানগাঁয়ে
মায়াবতীর হাট।
ভোর বিহানে হাঁটছে শিলা
বাবার বাড়ির পথে,
চলছে যেন হেলেদুলে
ধান কাউনের রথে।
কোলে যে তার ছোট্ট সোনা
শাহানশাহা নাম,
রাজার ঘরে না জন্মেও
নাম দিয়েই তার দাম।
মাঠের পরে পাকা রাস্তায়
অটো ভ্যান আছে,
উঠবে শিলা নামবে গিয়ে
বাবার বাড়ির কাছে।
কদ্দিন পরে বাবা-মায়ের
পরশ শিলা পাবে,
নবান্নেতে অনেক রকম
পিঠা-পায়েস খাবে।
স্বামী গেছেন সৌদি আরব
গত ফাগুন মাসে,
অনেক টাকা করবে কামাই
কাটে সেই না আশে।
আল্লাহ মালেক জানে সবই
ভাগ্যে আছে কী,
মা ও ছেলের অপেক্ষারই
সুদিন কাছে কী ?