বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

বিসিবির কৃতজ্ঞতা,নতুন উপদেষ্টাকে স্বাগত-ক্রীড়া অঙ্গনে পরিবর্তনের প্রত্যাশা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-১১ ২২:৪৯:৫৪
ফাইল ছবি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের পর তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক জটিলতা সমাধান এবং নীতিগত দিকনির্দেশনায় যে নিষ্ঠা দেখিয়েছেন, তা দেশের ক্রিকেট পরিচালনায় উল্লেখযোগ্য অবদান রেখেছে।
বুলবুল জানান, ক্রিকেট-সংক্রান্ত যেকোনো বিষয়ে তাঁর সরলতা,আন্তরিক প্রচেষ্টা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিসিবিকে আত্মবিশ্বাসী করেছে। এসব অবদানের জন্য বোর্ড তাঁর প্রতি কৃতজ্ঞতা জানায়।
এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন ড. আসিফ নজরুল। তাঁর নিয়োগকে স্বাগত জানিয়েছে বিসিবি। সভাপতি বুলবুল আশা প্রকাশ করেন, ক্রীড়া বিষয়ে দীর্ঘদিনের গবেষণা, জনসম্পৃক্ত কাজ ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি দেশের সামগ্রিক ক্রীড়া অঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন।
বুলবুল বলেন, দেশের খেলাধুলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে কাজ চলছে। নতুন উপদেষ্টার সহযোগিতা ক্রিকেটের প্রতিটি স্তরে মানোন্নয়নে সহায়ক হবে এবং দীর্ঘমেয়াদি লক্ষ্যে এগিয়ে যেতে নতুন গতি যোগ করবে।

কীওয়ার্ডসঃবিসিবি প্রতিক্রিয়া,নতুন উপদেষ্টা,ক্রীড়া উন্নয়ন


এ জাতীয় আরো খবর