সোমবার, জুলাই ২৭, ২০২৬

১৭ বছরের মিশরীয় ফরোয়ার্ড হামজাকে দলে নেওয়ার দৌড়ে বার্সেলোনা সবচেয়ে এগিয়ে

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-১২-০৭ ১১:৩০:৩০
ফাইল ছবি

মাত্র ১৭ বছর বয়সেই ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কাড়ছেন মিশরের উদীয়মান ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টে ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসেন তিনি। আর সেই আলোয় সবচেয়ে বেশি আকৃষ্ট হয়েছে স্পেনের দিগ্গজ ক্লাব বার্সেলোনা।
স্প্যানিশ গণমাধ্যমের তথ্যমতে, বার্সেলোনা চলতি বছর শেষ হওয়ার আগেই হামজার সঙ্গে চুক্তি সম্পন্ন করতে চায়। বয়স কম হওয়ায় তাকে প্রথমে ধারে দলে নেওয়ার পরিকল্পনা রয়েছে, পরবর্তীতে পারফরম্যান্স সন্তোষজনক হলে দেওয়া হবে স্থায়ী চুক্তি।
হামজার আগ্রহও ঝুঁকে আছে স্প্যানিশ জায়ান্টদের দিকেই। বার্সায় যোগ দেওয়ার আশায় বায়ার্ন মিউনিখ ও এসি মিলানের মতো ইউরোপের অভিজাত ক্লাবগুলোর সঙ্গেও আলোচনায় আর এগোয়নি তিনি। বার্সেলোনা আশ্বাস দিয়েছে, আগামী মৌসুমে প্রাক-মৌসুম ক্যাম্পেই তাকে দলের সঙ্গে রাখা হবে।
হামজার বর্তমান ক্লাব আল আহলি তাকে ছাড়তে রাজি থাকলেও চাইছে পূর্ণাঙ্গ ও লাভজনক আর্থিক কাঠামো। ক্লাবটি বার্সেলোনার প্রস্তাবে স্থায়ী ফি, পারফরম্যান্সভিত্তিক বোনাস এবং ভবিষ্যৎ বিক্রির ক্ষেত্রে একটি শতাংশ ধরে রাখার চেষ্টা করছে।
সবশেষ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে হামজার গোল করার ধারাবাহিকতা বার্সার স্কাউটদের নজর কাড়ে। তার শক্তিশালী ফিনিশিং, বক্সের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং বয়সের তুলনায় পরিপক্ব খেলায় মুগ্ধ কাতালানদের দায়িত্বশীলরা।
সামনের বছরই ১৮তে পা রাখবেন এই প্রতিভাবান ফরোয়ার্ড। ফলে ফিফার বয়সজনিত বিধিনিষেধ ছাড়াই তাকে দলে নিতে পারবে বার্সেলোনা। সব মিলিয়ে কাতালান ক্লাবটি হামজাকে নিজেদের ভবিষ্যৎ বিনিয়োগ হিসেবে দেখছে, আর তারাও অপেক্ষায় আছে নীল-লাল জার্সি গায়ে চাপানোর দিনটির জন্য।

কী-ওয়ার্ড:
হামজা ট্রান্সফার
বার্সার আগ্রহ
আল আহলি


এ জাতীয় আরো খবর