আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঝালকাঠির একটি আসনে মনোনয়ন নিয়ে মতপার্থক্য সৃষ্টি হওয়ায় বিএনপির সঙ্গে প্রায় দুই দশকের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বাংলাদেশ লেবার পার্টি। দলটির অভিযোগ, ওই আসনে বিএনপি আগে ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দিলেও শেষ মুহূর্তে নিজ প্রার্থী ঘোষণা করায় তারা ক্ষুব্ধ হয় এবং এটিকে ‘বিশ্বাস ভঙ্গ’ বলে অভিহিত করে।
লেবার পার্টির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ দিনের মিত্রতা সত্ত্বেও বিএনপি শরিকদের অবজ্ঞা করেছে এবং এককভাবে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তারা এটিকে প্রতারণামূলক ও বেঈমানিপূর্ণ মনোভাব হিসেবে উল্লেখ করে।
দলটির নেতাদের অভিযোগ, বিএনপি অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের টাকার বিনিময়ে মনোনয়ন দিয়ে ‘মনোনয়ন বাণিজ্যে’ জড়িয়েছে, যা তাদের নৈতিক নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। বেগম খালেদা জিয়ার সংকটময় সময়ে এমন আচরণকে তারা অস্বাভাবিক ও হতাশাজনক বলে মন্তব্য করেন।
নেতারা আরও জানান, এর আগেও বিএনপি জামায়াতে ইসলামীর সঙ্গে দূরত্ব তৈরি করে ২০ দলীয় জোট ভেঙে দিয়েছিল। তাদের মতে, শরিক দলগুলোর প্রতি বিএনপির অবজ্ঞা এবং নীতিহীন মনোনয়ন প্রক্রিয়ার ফলে দলটি এখন ক্রমেই বন্ধুহীন ও নেতৃত্বহীন হয়ে পড়ছে।
সভায় লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলামসহ কেন্দ্রীয় কমিটির নেতারা বক্তব্য দেন।
কীওয়ার্ডঃ
মনোনয়ন বিরোধ
লেবার পার্টি
বিএনপি সম্পর্ক ছিন্ন