ঢাকায় এসে কনসার্টের মঞ্চে উঠতেই পারল না পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’। বহুল প্রতীক্ষিত ‘ওয়েভ ফেস্ট: ফিল দ্য উইন্টার’–এর উত্তেজনা তুঙ্গে থাকলেও শেষ মুহূর্তে আটকে যায় ভেন্যুর অনুমতি। আয়োজক প্রাইম ওয়েভ কমিউনিকেশনস জানায়, অনুষ্ঠানটি বাধ্য হয়ে স্থগিত করা হয়েছে, তবে পুরোপুরি বাতিল করা হয়নি।
কনসার্টটি শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইড ভেন্যুতে হওয়ার কথা ছিল। এতে কাভিশ ছাড়াও বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন, মেঘদলসহ আরও কয়েকজন শিল্পী পারফর্ম করার কথা ছিল।
বুধবার ঢাকায় পৌঁছানোর পর কাভিশের সদস্যদের বিমানবন্দরের ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ করে আয়োজক প্রতিষ্ঠান জানায়, ব্যান্ডটি কনসার্টের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। তবে দেশের সামগ্রিক পরিস্থিতি এবং অস্থিরতা বিবেচনায় শেষ মুহূর্তে অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত আসে।
আয়োজকরা বলেন, সব প্রস্তুতি, ভেন্যু অনুমতি, কাগজপত্র, শিল্পীদের পারিশ্রমিকসহ প্রয়োজনীয় বিষয় সম্পন্ন ছিল। কিন্তু পরিস্থিতি বিবেচনায় ওয়েভ ফেস্ট সিজন ০১ সাময়িকভাবে পুনর্নির্ধারণের পরামর্শ দেওয়া হয়। সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও আয়োজনটি এদিন করা সম্ভব হয়নি, যা আয়োজকদের নিয়ন্ত্রণের বাইরে ছিল।
কাভিশের পক্ষ থেকেও ভক্তদের উদ্দেশে একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে যেখানে তারা দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে আবার ঢাকায় দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের জানুয়ারিতে ঢাকার ‘ঢাকা ড্রিমস’ কনসার্টেও পারফর্ম করেছিল কাভিশ। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এ ব্যান্ড ‘বাচপান’ ও ‘তেরে পেয়ার মে’ গান দিয়ে দক্ষিণ এশিয়াজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়।
কীওয়ার্ডঃ
কাভিশ কনসার্ট
ওয়েভ ফেস্ট স্থগিত
ঢাকা ইভেন্ট