বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

সৈ য় দ জা হি দ স রো য়া র

  • অপূর্ণতা
  • ২০২৫-১২-০৫ ১০:২৩:২৯

কখনো ভাবতাম,
ভোর নামলে কেউ একজন
নিঃশব্দে আমার পাশে বসবে-
চোখ খুলতেই মনে হবে,
এই পৃথিবীতে আমি কারও প্রথম দৃশ্য।

ইচ্ছে ছিল,
এক বরফ-ঠান্ডা দিনে
কেউ আমার হাত দু’টি মুঠো করে ধরে বলবে,
“চলো, একটু উষ্ণ হই দু’জন মিলে।”
সেই কথাগুলোই জীবনকে সহজ করে দিতো।

স্বপ্ন দেখতাম-
আমার নীরবতাও কেউ পড়তে পারবে
যেমন পুরনো বইয়ের দাগ পড়া পাতা
স্পর্শে নিজে থেকেই খুলে যায়।
চেয়েছিলাম এমন একজন
যে আমার না বলা কথাগুলোও শুনবে
আর আমার ভেঙে পড়া মনের ওপর
নরম একটি নিঃশ্বাস রেখে দেবে।

কল্পনায় ছিল-
একটি দিনের জন্য হলেও
কেউ আমার আনন্দকে নিজের মনে রাখবে,
ছোট্ট কোনো উপলক্ষ্যে
আমাকে একটু সাজিয়ে তুলবে-
“আজ তুমি শুধু আমার হয়ে ওঠো।”
এমন একটি সাধারণ বাক্যই
জীবনকে উৎসবে পরিণত করতে পারত।

কিন্তু হঠাৎ একদিন
মনে হলো-
যাদের কাছে নিজেকে তুলে দিই,
তারা তো আমার চাওয়ার ভাষাই শেখেনি।
আমি যতটা গভীরতা দিতে পারি,
তারা ততটা গভীরতায় থেকেও
শুধু প্রান্তর ছুঁয়ে চলে যায়।

এখন বুঝি-
অপূর্ণতা আমাকে ভাঙেনি,
বরং ভেতরের আলো দেখতে শিখিয়েছে।
যা চাইনি, সেটাই আমাকে শিখিয়েছে
আমি কতটা বিস্তৃত হতে পারি
একাই, নির্ভার হয়ে।

আমি আর অপেক্ষায় নেই-
কারো স্পর্শে ভোর হওয়ার নয়,
কারো চোখে নিজের ছায়া খোঁজার নয়।
আজ আমি আমার ভোর নিজেই জ্বালাই,
নিজের আকাশ নিজেই খুলি,
নিজেকে নিজেরই পাশে বসাই।

এখন আমি জানি-
যে ভালোবাসা বাইরে খুঁজি,
তার সবচেয়ে আন্তরিক রূপ
চুপচাপ বসে থাকে
আমার নিজের ভেতর।

অপূর্ণতার আতরে ডুবে থেকেই একদিন বুঝলাম-
পূর্ণ হওয়া শুরু হয়
নিজেকেই ফিরে পাওয়ার মুহূর্ত থেকে।


এ জাতীয় আরো খবর