মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করল সরকার,নির্বিঘ্ন চিকিৎসায় বিশেষ ব্যবস্থা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-০২ ২২:৩৯:৫৫
ছবি: সংগৃহীত।

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রমশ সংকটাপন্ন হওয়ায় তাঁর চিকিৎসা ও নিরাপত্তায় অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সরকারের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতি পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ সাংবাদিকদের সামনে পড়ে শোনান।
বিবৃতিতে জানানো হয়, সভার শুরুতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক রাষ্ট্রপতির স্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। পাশাপাশি জাতির কাছে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
সরকার জানায়, খালেদা জিয়ার বর্তমান শারীরিক পরিস্থিতি বিবেচনায় হাসপাতালের ভেতরে ও বাইরে নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজনে তাঁকে বিদেশে নেওয়ার প্রস্তুতি রাখা, নিরাপত্তা জোরদার করা এবং যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান জরুরি হয়ে উঠেছে। এসব কারণেই তাঁকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এ বিষয়ে তাঁর পরিবার এবং বিএনপির সংশ্লিষ্ট নেতারা ইতোমধ্যেই অবহিত হয়েছেন। সরকারের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে।

কীওয়ার্ডস: ভিভিআইপি সিদ্ধান্ত, খালেদা জিয়া, চিকিৎসা ব্যবস্থা


এ জাতীয় আরো খবর