বরিশালে পেশাদার গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিআরটিসি কনফারেন্স রুমে দেড় শতাধিক চালক নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
পেশাদার গাড়ি চালকদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ বিভাগীয় পরিচালক মো: জিয়াউর রহমান।
সহকারী পরিচালক মো: আতিকুর রহমান এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিআরটিএ লাইসেন্স পরিদর্শক সৌরভ কুমার সাহা, বিআরটিসি ডিপো ম্যানেজার মো: জুলফিকার আলী, জেলা পুলিশের টিআই মো: আব্দুর রহীমসহ অন্যান্যরা।
প্রশিক্ষণ কর্মশালায় চালকদের উদ্দেশ্য প্রধান অতিথি মো: জিয়াউর রহমান বলেন, আপনারা সবাই সড়কে চলাচল করার সময় অবশ্যই ট্রাফিক আইন ও সাইন মেনে এবং অনুসরণ করে গাড়ি চালাবেন। মনে রাখবেন আপনার একটি ভুল কিংবা একটু অসচেতনতা বড় ধরনের দূর্ঘটনার কারণ হতে পারে।
তিনি আরও বলেন,গাড়ি চালানো অবস্থায় মোবাইল ফোনে কথা বলা কিংবা হেড ফোন ব্যবহার করবেন না। আমাদের চালক, যাত্রী ও পথচারীরা সবাই যদি সড়ক আইন মেনে চলে তাহলে দূর্ঘটনা নিয়ন্ত্রণ করে নিরাপদ সড়ক বিনির্মান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি।