ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রোমাঞ্চকর টাইব্রেকারে ব্রাজিলকে ৬-৫ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালের দ্বার উন্মুক্ত করল পর্তুগাল। দোহায় অ্যাসপায়ার জোনে সোমবার রাতের এই ম্যাচে গোলশূন্য ৯০ মিনিটের পর পেনাল্টিতেই নির্ধারিত হয় সৌভাগ্যের হাসি।
শুরু থেকেই দুই দল গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। প্রথমার্ধে ব্রাজিল আটটি ও পর্তুগাল ছয়টি শট নিলেও জালের দেখা মেলেনি। বিরতির পরও একই ধারাবাহিকতায় আক্রমণ পাল্টা আক্রমণ চললেও রক্ষণভাগের দৃঢ়তায় গোলশূন্য থেকেই যায় ম্যাচ।
নিয়ম অনুযায়ী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অতিরিক্ত সময় না থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। প্রথম পাঁচ শটে দুই দলই নিখুঁত ছিল। উত্তেজনার চূড়ান্তে গিয়ে পর্তুগালের গোলরক্ষক রোমারিও কুনিয়া নিজের পেনাল্টি শটে ব্যর্থ হলেও পর মুহূর্তেই ব্রাজিলের রুয়ান পাবলোর শট পোস্টে লাগিয়ে দলকে বাঁচান।
সাডেন ডেথে পর্তুগালের সফল শটের পর ব্রাজিলের অ্যাঞ্জেলো বলকে ওপরে তুলে দিলে রুদ্ধশ্বাস লড়াইয়ের সমাপ্তি ঘটে। সঙ্গে সঙ্গে উদযাপনে মেতে ওঠে পর্তুগিজ খেলোয়াড়রা।
এদিকে প্রথম সেমিফাইনালে অস্ট্রিয়া ২-০ গোলে ইতালিকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছে। ফলে আগামী বৃহস্পতিবার, ২৭ নভেম্বর অস্ট্রিয়া ও পর্তুগালের মধ্যেই হবে শিরোপা লড়াই। একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে ইতালির।
কীওয়ার্ডস: পর্তুগাল জয়, ব্রাজিল পরাজয়, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ