অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই দেখা গেল এক অবিশ্বাস্য রোমাঞ্চ। পার্থে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বোলাররা যেন প্রতিযোগিতায় নেমেছিলেন-কে কত দ্রুত উইকেট নিতে পারে! দিনের শেষে মোট ১৯টি উইকেট পতন ঘটে, যা অ্যাশেজ ইতিহাসে গত ১১৬ বছরে প্রথম দিনের সর্বোচ্চ উইকেট হারানোর রেকর্ডকে ছাড়িয়ে নতুন অধ্যায় সৃষ্টি করেছে।
শুক্রবার সকালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়ার পেস সেনসেশন মিচেল স্টার্ক শুরু থেকেই ইংলিশ টপ অর্ডারে তান্ডব চালান। মাত্র ৩২.৫ ওভারে ইংল্যান্ড থামে ১৭২ রানে। স্টার্ক তুলে নেন ৭ উইকেট, যার মধ্যে জো রুট ছিল তার অ্যাশেজ ক্যারিয়ারের ১০০তম শিকার। ডগেটও ২ উইকেট নেন।
কিন্তু ইংল্যান্ডও পিছু হটেনি। বল হাতে মাঠে নামতেই জোফরা আর্চার অভিষিক্ত ওয়েদারাল্ডকে শূন্য রানে ফেরান। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ আসে বেন স্টোকসের হাতে। একের পর এক ভয়ংকর বোলিংয়ে তিনি তুলে নেন ৫ উইকেট। আর্চার নেন ২ উইকেট এবং ক্রিস ওকস নেন আরও ২ উইকেট। অস্ট্রেলিয়ার হেড, গ্রিন, স্টার্ক, ক্যারি ও বোল্যান্ডকে সাজঘরে ফেরান স্টোকস।
দিন শেষে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ১২৩ রান ৯ উইকেট হারিয়ে। ফলে তারা ইংল্যান্ডের তুলনায় এখনো ৪৯ রানে পিছিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে। প্রথম দিনই বিশ্বসেরা দুই দল ও দুই দেশের স্টার পেসারদের এমন লড়াই সিরিজের বাকি দিনগুলোর প্রতিযোগিতা কতটা উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে, তার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে।
কীওয়ার্ডসঃঅ্যাশেজ,স্টার্ক,স্টোকস