দুবাই এয়ারশোতে প্রদর্শনী উড়ানের সময় ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ‘তেজস’ ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে। এতে পাইলট নিহত হন বলে আন্তর্জাতিক ও ভারতীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে।
প্রদর্শনী চলাকালে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড (হ্যাল) নির্মিত দেশীয় প্রযুক্তির এ যুদ্ধবিমানটি দর্শকদের সামনে নিয়মিত ডেমো উড়ান দিচ্ছিল। হঠাৎ করেই বিমানটি নিচের দিকে ধেয়ে পড়ে বিস্ফোরিত হয়। দুর্ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভারতীয় বায়ুসেনা এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
তেজস বর্তমানে ভারতীয় বায়ুসেনার অন্যতম আধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান। একক ইঞ্জিনযুক্ত এই বিমান আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমি-দুই ধরনের হামলায় সক্ষম। নাসিকের হ্যাল কারখানায় যুদ্ধবিমানটির হালনাগাদ সংস্করণ ‘তেজস মার্ক-১এ’ তৈরি করা হচ্ছে।
দুবাই এয়ারশোর আয়োজকেরা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে। নিহত পাইলটের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
কীওয়ার্ডস:তেজস, এয়ারশো, দুর্ঘটনা