মঙ্গলবার, মে ২৬, ২০২৬

যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলের নতুন হামলা, গাজায় একদিনেই নিহত ৩৩

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-২১ ১০:৫৪:৩১
ছবি: সংগৃহীত।

গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি বাহিনীর হামলা থামছে না। নতুন করে একদিনে ৩৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও বহু মানুষ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতি বহাল থাকলেও ইসরাইলি সেনারা গাজা সিটি ও খান ইউনূসের বেশ কয়েকটি এলাকায় ভারী গোলাবর্ষণ চালিয়েছে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তি পাশ কাটিয়ে নিয়মিত টার্গেটেড হামলা চালাচ্ছে। হামাসের অভিযোগ, বারবার চুক্তি ভঙ্গের মাধ্যমে ইসরাইল পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে এবং উপত্যকাজুড়ে মানবিক সংকট বাড়াচ্ছে। তারা যুক্তরাষ্ট্রকে ইসরাইলকে নিয়ন্ত্রণে আনার তাগিদও দিয়েছে।
অধিকৃত পশ্চিম তীরেও একই চিত্র। স্থানীয় সময় বৃহস্পতিবার নতুন অভিযানে ইসরাইলি সেনাদের হামলায় সেখানে আরও কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। পাশাপাশি জোরপূর্বক উচ্ছেদ চলছে বিভিন্ন শরণার্থী শিবিরে। হামাসের দাবি, চলতি বছর জেনিন, তুলকারেম ও নুর শামস শিবির থেকে অন্তত ৩২ হাজার মানুষকে ঘরছাড়া করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত।
এদিকে ইসরাইল দাবি করেছে, গাজার ইয়েলো লাইন এলাকায় তেল-আবিবমুখী অবস্থায় থাকা একটি রকেট লঞ্চার ও একটি বড় অস্ত্রভাণ্ডার তারা জব্দ করেছে। তবে ফিলিস্তিনি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, এসব অভিযানের আড়ালে ইসরাইল আগ্রাসন বাড়াতে পূর্ব উপত্যকার সীমা ৩০০ মিটার বাড়িয়ে নতুন করে যুদ্ধবিরতি ভঙ্গ করেছে।
গাজায় ইসরাইলের হামলার ঘটনায় কাতার নিন্দা জানিয়ে বলেছে, repeated violation পুরো যুদ্ধবিরতি চুক্তিকেই ঝুঁকির মুখে ফেলতে পারে। আঞ্চলিক ও আন্তর্জাতিকসব পক্ষকে দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আহ্বান জানিয়েছে দোহা।

কীওয়ার্ডস:গাজা, যুদ্ধবিরতি, ইসরাইল হামলা


এ জাতীয় আরো খবর