বাংলাদেশ ক্রিকেটে নতুন ইতিহাস রচনা করলেন মুশফিকুর রহিম। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেই দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার অনন্য রেকর্ড গড়লেন তিনি। বুধবার শুরু হওয়া এই ম্যাচে মুশফিক স্পর্শ করলেন দুই দশকের দীর্ঘ পথচলার বিরল মাইলফলক।
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের পর থেকে মুশফিক হয়ে উঠেছেন বাংলাদেশ দলের নির্ভরতার অন্যতম প্রতীক। ব্যাট হাতে ধারাবাহিকতা, উইকেটকিপিং দক্ষতা আর পরবর্তীতে নেতৃত্ব-সব মিলিয়ে দেশের ক্রিকেটে তার অবদান অসামান্য। অবশেষে ২০ বছর পর এসে মাশরাফি-মুশফিক-তামিমদের প্রজন্মের কেউ পেলেন টেস্টে শতকের ক্লাবের স্বাদ।
মুশফিকের এই অর্জনে আন্তর্জাতিক ক্রিকেট মহল থেকেও আসছে শুভেচ্ছা। আইসিসি রিভিউতে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং বলেন, এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় মাইলফলক। তার ভাষায়, “এটা এক অসাধারণ অর্জন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কেউ এমন কিছু করল—এটি দেশের ক্রিকেটের অগ্রগতিরই প্রতিচ্ছবি।”
১৬৮ টেস্ট খেলা পন্টিং আরও যোগ করেন, একজন ক্রিকেটারের প্রকৃত মান নির্ভর করে কতটা সময় ধরে নিজেকে ধরে রাখতে পারেন তার ওপর। তিনি বলেন, “যখন আপনি ৭০-৮০ টেস্ট খেলে ফেলেন, তখন নিজেকে নতুন করে তৈরি করতে হয়, পারফরম্যান্স উন্নত করতে হয়। ক্যারিয়ারের শেষভাগে এটি আরও কঠিন। মুশফিক সেটা দারুণভাবে করে দেখিয়েছেন।”
মুশফিকের শততম টেস্ট শুধু একজন ক্রিকেটারের ব্যক্তিগত মাইলফলকই নয়, বরং বাংলাদেশের টেস্ট ইতিহাসে এক গর্বের অধ্যায় হিসেবে স্থান করে নিল।
কীওয়ার্ডস:মুশফিক ১০০ টেস্ট, বাংলাদেশ ক্রিকেট, রিকি পন্টিং