বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ বাড়ছে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-১৯ ২২:৩৯:০৩
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিমাণ ৬০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ঘোষণা দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সালমান বলেন, দুই দেশের মধ্যে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বিভিন্ন কৌশলগত খাতে ব্যাপক চুক্তি হবে, যা বিনিয়োগ বৃদ্ধির পথ আরও প্রশস্ত করবে। তিনি বলেন, আজ বা আগামীকালই বাড়তি বিনিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া সম্ভব হবে।
ট্রাম্প এ ঘোষণায় স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ ১ ট্রিলিয়নে উন্নীত হওয়া যুক্তরাষ্ট্রের জন্য নিঃসন্দেহে বড় এক অর্জন। হাসতে হাসতে তিনি আরও বলেন, “হয়তো এই অংক আরও বাড়তে পারে, তবে সেটা নিয়ে আমাকে একটু কাজ করতে হবে।”
এদিকে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনত বান্দার আল সউদ বলেন, এই চুক্তিগুলো দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও গভীর করবে। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারেও বড় ভূমিকা রাখবে।
নতুন বিনিয়োগ পরিকল্পনা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই ধারণা করছেন বিশ্লেষকরা।

কীওয়ার্ডস:সৌদি বিনিয়োগ, যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্ক, বিনিয়োগ বৃদ্ধি


এ জাতীয় আরো খবর