জাপানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর ওইতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক রাতে বিপর্যস্ত হয়েছে পুরো এলাকা। ১৭০টিরও বেশি ভবন দগ্ধ হয়ে যাওয়ার পরও স্থানীয় সময় বুধবার দুপুর পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে জাপানের জাতীয় অগ্নি নির্বাপণ সংস্থা।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সাগানোসেকি এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই শুষ্ক বাতাসে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত অন্তত ১৭৫ জনকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। এখন পর্যন্ত একজনকে নিখোঁজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অগ্নিকাণ্ডের উৎস ও বিস্তারের কারণ জানতে তদন্ত চলছে।
স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ঘন কালো ধোঁয়ায় শহরের আকাশ ঢেকে গেছে, বহু ভবন ভস্মীভূত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগুন নেভাতে শতাধিক অগ্নিনির্বাপণ কর্মী কাজ করলেও শক্তিশালী বাতাস পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওইতা প্রিফেকচারের অনুরোধে সামরিক বাহিনীর একটি বিশেষ অগ্নিনির্বাপণ হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি স্থানীয় সরকার ও উদ্ধারকর্মীদের সঙ্গে সমন্বয় করে ক্ষয়ক্ষতি কমানোর আশ্বাস দেন।
কিউশু দ্বীপে অবস্থিত পাহাড়ঘেরা উপকূলীয় শহর ওইতা টোকিও থেকে প্রায় ৭৭০ কিলোমিটার দূরে। শহরটি সাগানোসেকি মৎস্যবন্দর ও উচ্চমানের ম্যাকারেল মাছের উৎপাদনের জন্য পরিচিত। ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী এই এলাকা এখন চরম বিপর্যয়ের মুখে।
কি-ওয়ার্ডস: ওইতা অগ্নিকাণ্ড, জাপান আগুন, উপকূলীয় শহর