মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

মিস ইউনিভার্সের ৭৪তম আসরকে ঘিরে নতুন বিতর্ক: বিচারক প্যানেল থেকে দুই সদস্যের পদত্যাগ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-১৯ ২২:২৩:৩৩
ছবি: সংগৃহীত।

মিস ইউনিভার্সের ৭৪তম আসরের গ্র্যান্ড ফাইনাল শুরু হতে আর মাত্র কিছু ঘণ্টা বাকি। কিন্তু ঠিক তার আগমুহূর্তেই প্রতিযোগিতাটিকে ঘিরে নতুন বিতর্ক দেখা দিয়েছে। মূল আট সদস্যের আন্তর্জাতিক জুরি প্যানেল থেকে দু’জন বিচারকের পদত্যাগে প্রশ্ন উঠেছে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে।
আগামী শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হবে এবারের আসর। ফাইনাল রাউন্ডের আগেই লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ তার পদ ছাড়ার ঘোষণা দেন। ইনস্টাগ্রামে দেওয়া বিবৃতিতে তিনি দাবি করেন-মূল বিচারকদের বাইরে একটি ‘অস্থায়ী জুরি’ গঠন করে ১৩৬ দেশের প্রতিনিধির মধ্যে থেকে ৩০ জনকে বাছাই করা হয়েছে। বিষয়টি তিনি জেনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যা তার মতে প্রক্রিয়ার প্রতি অশ্রদ্ধা এবং অনিয়মের ইঙ্গিত দেয়।
হারফুশ আরও অভিযোগ করেন, ওই অস্থায়ী জুরিতে এমন সদস্যও আছেন যাদের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। ফলে সিদ্ধান্তে পক্ষপাতিত্বের ঝুঁকি তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। যদিও গোপন ওই জুরি কীভাবে গঠিত হলো বা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কেমন ছিল-সেসব বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
তার কয়েক ঘণ্টা পর আরও এক বিচারক-ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ মাকেলেলে-‘অপ্রত্যাশিত ব্যক্তিগত কারণ’ দেখিয়ে প্যানেল থেকে সরে দাঁড়ান। তবে তার পদত্যাগের সঙ্গে হারফুশের অভিযোগের কোনো যোগ আছে কিনা সে বিষয়ে কিছু বলেননি।
এর আগে থাইল্যান্ডের এক কর্মকর্তার বিরূপ মন্তব্যের কারণে প্রতিযোগিতা-পূর্ব একটি অনুষ্ঠানে অংশ নিতে অস্বীকৃতি জানান কয়েকজন প্রতিযোগী। ফলে বিচারকদের পদত্যাগের ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে আয়োজনটির নিরপেক্ষতা।
এদিকে এবারের মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের হয়ে লড়াইয়ের পাশাপাশি ভোটের দৌড়েও তিনি প্রায় শীর্ষে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ লাখ ৫০ হাজারের বেশি ভোট পেয়েছেন মিথিলা—যা বাংলাদেশের জন্য রেকর্ড। ১ নম্বর অবস্থানে উঠতে প্রয়োজন আরও মাত্র ১৪ হাজার ভোট।
আজ ১৯ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত ভোট দেওয়া যাবে।

কীওয়ার্ডস:মিস ইউনিভার্স বিতর্ক, বিচারক পদত্যাগ, তানজিয়া জামান মিথিলা


এ জাতীয় আরো খবর