ইন্দোনেশিয়ার মধ্য জাভায় টানা প্রবল বর্ষণের ফলে দুই অঞ্চলে সংঘটিত ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় উদ্ধার অভিযান চলছে পূর্ণোদ্যমে।
গত সপ্তাহে সিলাকাপ শহরের সিবেউনিং গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনায় এক ডজনের বেশি বাড়ি মাটির নিচে চাপা পড়ে। তিন থেকে আট মিটার গভীরে মানুষ চাপা পড়ায় উদ্ধার কাজ কঠিন হয়ে পড়ে। কম্পাস টিভির প্রচারিত ভিডিওতে দেখা গেছে, বিশাল মাটির স্তূপ সরাতে এবং আটকে পড়াদের উদ্ধারে এক্সকাভেটর ব্যবহার করছে উদ্ধারকারী দল।
চিলাচাপের ঘটনাস্থলে উদ্ধার অভিযানের স্থানীয় প্রধান জানিয়েছেন, এখানে অন্তত ১৬ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে এবং সাতজন এখনো নিখোঁজ।
এদিকে মধ্য জাভার বানজারনেগারা অঞ্চলেও শনিবার আরেকটি ভূমিধস ঘটে। এতে দুইজন নিহত হয়েছেন এবং ২৭ জন এখনো নিখোঁজ। ৩০টিরও বেশি বাড়ি ও কৃষিজমি ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ প্রশমন সংস্থা।
১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ার বহু মানুষ পাহাড়ি বা বন্যাপ্রবণ সমতল অঞ্চলে বসবাস করেন। দেশটির আবহাওয়া দপ্তর কয়েকদিন আগে সতর্ক করেছিল, বর্ষাকালের তীব্রতা বাড়ায় আগামী সপ্তাহগুলোতে বন্যা ও ভূমিধসের ঝুঁকি আরও বাড়তে পারে।
ইন্দোনেশিয়ায় সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বর্ষাকাল এপ্রিল পর্যন্ত স্থায়ী হয়। এই দীর্ঘ সময়ে অতিবৃষ্টির কারণে পাহাড়ধস ও আকস্মিক বন্যা সাধারণ ঘটনা হলেও এবার ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ আকার ধারণ করছে।
কীওয়ার্ড:জাভা ভূমিধস, ইন্দোনেশিয়া বর্ষাকাল, নিখোঁজ উদ্ধার অভিযান