মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

মদিনার পথে বাস-ট্যাংকার সংঘর্ষে ৪২ ওমরাহযাত্রী নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-১৭ ১৫:৩৮:০০
ছবি: সংগৃহীত।

সৌদি আরবের মদিনার কাছে তেলবাহী ট্যাংকারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে ৪২ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ২টার দিকে মুফরিহাত এলাকার কাছে ঘটে এ দুর্ঘটনা। বাসটি মক্কা থেকে মদিনার পথে যাত্রা করছিল। স্থানীয় গণমাধ্যমের তথ্য উদ্ধৃত করে সোমবার এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতদের বড় একটি অংশ ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ থেকে যাত্রা করেছিলেন। ওমরাহ সম্পন্ন করে তারা বাড়ি ফেরার পথে মদিনার দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় বাসের বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন বলে গালফ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ট্যাংকারের সঙ্গে তীব্র সংঘর্ষের পর মুহূর্তেই বাসে আগুন ধরে যায়, ফলে অনেকেই বেরিয়ে আসতে পারেননি।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ১১ জন নারী ও ১০ শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহগুলো সম্পূর্ণ পুড়ে যাওয়ায় সঠিক সংখ্যা নিশ্চিত করতে সময় লাগবে। উদ্ধারকারী দল জানিয়েছে, পুড়ে যাওয়া বাসের ভেতরে থাকা মরদেহ শনাক্তকরণ অত্যন্ত জটিল হয়ে পড়েছে।
এ ঘটনায় মোহাম্মদ আব্দুল শোয়াইব নামের এক যাত্রীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর তেলেঙ্গানা সরকার রিয়াদে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখেছে। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি দিল্লির পররাষ্ট্র দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। সৌদি কর্তৃপক্ষও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আলাদা কমিটি গঠন করেছে।
এই মর্মান্তিক ঘটনা ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি নতুন করে আলোচনায় এনেছে আন্তর্জাতিক অঙ্গনে।

কীওয়ার্ডস:মদিনা সড়কদুর্ঘটনা,ওমরাহযাত্রী নিহত,সৌদি বাস দুর্ঘটনা


এ জাতীয় আরো খবর