মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

ট্রাম্প-এপস্টেইন সম্পর্ক নিয়ে নতুন ই-মেইল ফাঁস, বাড়ছে রাজনৈতিক চাপ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-১৬ ১১:২০:৩৩
ছবি: সংগৃহীত।

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে মার্কিন প্রতিনিধি পরিষদের তত্ত্বাবধায়ক কমিটি। এপস্টেইনের নথিপত্র থেকে পাওয়া ই-মেইলগুলোতে ট্রাম্পের নাম একাধিকবার উঠে এসেছে বলে ডেমোক্র্যাট সদস্যরা জানিয়েছেন।
নতুন প্রকাশিত এসব ই-মেইলে তাদের ব্যক্তিগত যোগাযোগ, অতীত লেনদেন এবং বিভিন্ন গোপন আলাপচারি উল্লেখ রয়েছে। ২০১৬ সালে দীপক চোপড়ার সঙ্গে বিনিময় করা এক ই-মেইলে এপস্টেইন দাবি করেন, মারলা ম্যাপলস অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানার পর ট্রাম্পের সঙ্গে বাজিতে হেরে তাকে শিশুখাদ্যে ভরা একটি ট্রাক পাঠাতে হয়েছিল।
এছাড়া ২০১১ সালের আরেক পুরোনো ই-মেইলে এপস্টেইন ট্রাম্পকে “যে কুকুরটি এখনো ঘেউ ঘেউ করেনি” বলে অভিহিত করেন এবং তার বাড়িতে এক নারীকে নিয়ে ট্রাম্পের ঘন্টাব্যাপী অবস্থানের কথাও উল্লেখ করেন।
যদিও হোয়াইট হাউস এসব দাবি ‘রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি মিথ্যা গল্প’ বলে প্রত্যাখ্যান করেছে। তারা জানায়, এপস্টেইনের আচরণে বিরক্ত হয়ে বহু আগেই তাকে মার-এ-লাগো থেকে বের করে দেওয়া হয়েছিল। তবে ই-মেইলে এপস্টেইন দাবি করেছেন, তিনি কখনোই ওই রিসোর্টের সদস্য ছিলেন না।
ট্রাম্প নিজেও বারবার বলেছেন, এপস্টেইনের অপরাধ সম্পর্কে তিনি কিছু জানতেন না এবং ২০০৪ সালের পর তাদের সম্পর্ক শেষ হয়ে যায়। এখন পর্যন্ত মার্কিন কর্তৃপক্ষ ট্রাম্পের বিরুদ্ধে এপস্টেইন-ম্যাক্সওয়েল-সংশ্লিষ্ট কোনো অপরাধের অভিযোগ আনেনি।
তবে নথিতে দেখা যায়, ১৯৯০-এর দশকে অন্তত সাতবার এপস্টেইনের বিমানে ভ্রমণ করেছিলেন ট্রাম্প। আরও দাবি রয়েছে, ২০০৩ সালে এপস্টেইনের জন্মদিনে তিনি একটি অশ্লীল চিত্র পাঠিয়েছিলেন, যা নিয়ে তিনি পরে সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করেছিলেন।
এপস্টেইন ফাইলসের পূর্ণাঙ্গ প্রকাশের প্রক্রিয়া এখন কংগ্রেসের ভোটের অপেক্ষায়। চূড়ান্ত নথিগুলো প্রকাশ হলে ট্রাম্প-এপস্টেইন সম্পর্ক নিয়ে আরও অজানা অধ্যায় সামনে আসতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

কীওয়ার্ডঃ ট্রাম্প এপস্টেইন,ই-মেইল ফাঁস,মার্কিন রাজনীতি


এ জাতীয় আরো খবর