শনিবার, জুন ২৭, ২০২৬

ভুলভাবে প্রচারিত বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১১-১১ ২০:০৫:০২
ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তার বক্তব্যের ভুল ব্যাখ্যার প্রতিবাদ জানিয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) দলের সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘আজ ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় আমার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে-যা অত্যন্ত দুঃখজনক।’
তিনি স্পষ্ট করে বলেন, ‘আমি সভায় বলেছি আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না। ইউনিয়ন পর্যায়ে যদি হয়রানিমূলক কোনো মামলা থাকে, তা তুলে নেওয়া হবে। কিন্তু আমি কখনও বলিনি যে দেশব্যাপী আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়া হবে।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘গণমাধ্যমে আমার বক্তব্য বিকৃতভাবে প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। দেশের নেতাকর্মী ও জনগণকে অনুরোধ করছি, কেউ যেন এই ধরনের ভুল তথ্যের দ্বারা প্রভাবিত না হন।’
তিনি গণমাধ্যমকে দায়িত্বশীলভাবে সংবাদ প্রচারের আহ্বান জানিয়ে বলেন, ‘রাজনৈতিক বক্তব্য বিকৃত করে প্রচার করা শুধু বিভ্রান্তি তৈরি করে না, বরং গণতান্ত্রিক রাজনীতির পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করে।’

কীওয়ার্ডস:
মির্জা ফখরুল,বিএনপি বিবৃতি,ভুল সংবাদ


এ জাতীয় আরো খবর