মহারণে আবারও জাদু ছড়ালেন লিওনেল মেসি। ‘বেস্ট অব থ্রি সিরিজ’-এর নির্ধারক ম্যাচে নাশভিলকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করে প্রথমবারের মতো এমএলএস কাপ প্লে-অফের কনফারেন্স সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। গোল করলেন মেসি, করালেনও—এবং ছুঁলেন নতুন মাইলফলক।
নাশভিল ও মায়ামির মধ্যে সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল মায়ামি, দ্বিতীয়টি নাশভিলের দখলে যায়। তাই শুক্রবারের ম্যাচটি ছিল ‘ডু অর ডাই’। চেজ স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ডেভিড বেকহ্যামের ক্লাব।
ম্যাচের শুরুতেই নাশভিলের ডিফেন্ডার কোরকোরানের ভুল পাস থেকে বল কুড়িয়ে নেন মেসি। একাই বক্সে ঢুকে চার ডিফেন্ডারের ফাঁক গলে জালে পাঠান নিখুঁত শট। লিড নিতে মাত্র ১৪ মিনিটই যথেষ্ট ছিল আর্জেন্টাইন জাদুকরের।
প্রথমার্ধের শেষদিকে জর্দি আলবার দারুণ ক্রস থেকে ব্যাক পাসে বল পেয়ে দ্বিতীয় গোলটি করেন মেসি। ২-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় মায়ামি।
দ্বিতীয়ার্ধে মেসির ছোঁয়ায় আরও রঙিন হয়ে ওঠে মায়ামির খেলা। ৭৩ মিনিটে জর্দি আলবা-মেসি জুটি মিলিয়ে আলেন্দেকে দেন নিখুঁত পাস, সহজেই গোল করে ব্যবধান বাড়ান এই মিডফিল্ডার। মাত্র দুই মিনিট পর মেসির বুদ্ধিদীপ্ত চিপ থেকে আলেন্দে গোল করে পূর্ণ করেন নিজের জোড়া গোল। এ অ্যাসিস্টের মাধ্যমে মেসি তার ক্লাব ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট সম্পন্ন করেন।
৪-০ গোলের দাপুটে জয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নাশভিল। এখন কনফারেন্স সেমিফাইনালে ইন্টার মায়ামি মুখোমুখি হবে এফসি সিনসিনাটির, ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে ২২ বা ২৩ নভেম্বর।
গোল, অ্যাসিস্ট আর নেতৃত্বে মেসি আবারও প্রমাণ করলেন-বয়স কেবল সংখ্যা, জাদু এখনো অমলিন।
কীওয়ার্ডস:মেসি, ইন্টার মায়ামি, এমএলএস সেমিফাইনাল