শনিবার, অক্টোবর ৩, ২০২৬

উত্তরা আজমপুরে প্রাইভেটকারের ধাক্কায় ট্রাক শ্রমিক নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১১-০৮ ০৯:৫৬:৫৬

রাজধানীর উত্তরা আজমপুর ফ্লাইওভারের নিচে প্রাইভেটকারের ধাক্কায় ইউসুফ হোসেন (৩২) নামে এক ট্রাক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভোর সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত ইউসুফ ময়মনসিংহের গৌরিপুর উপজেলার নোয়াপাড়া গ্রামের হারুন মিয়ার ছেলে। তিনি উত্তরা কাঁচা বাজারের দেওয়ানবাড়ি এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন এবং উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ঢাকার বাইরের মাছবাহী ট্রাকে শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্বজনেরা জানান, রাতে কাজের প্রয়োজনে আজমপুর ফ্লাইওভারের নিচ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন ইউসুফ। এ সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার তাঁকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে কাছের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢামেকে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “স্বজনেরা জানিয়েছেন, ইউসুফ সড়ক দুর্ঘটনায় আহত হন। তাঁকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।”
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা চলছে।
স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে উত্তরা দেওয়ানবাড়ি এলাকা। নিহতের পরিবার জানিয়েছে, ইউসুফ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর মৃত্যুতে অনিশ্চয়তায় পড়েছেন স্ত্রী ও দুই সন্তান।

কীওয়ার্ডস:উত্তরা দুর্ঘটনা, ট্রাক শ্রমিক নিহত, প্রাইভেটকার ধাক্কা


এ জাতীয় আরো খবর