মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

গণতন্ত্র আবারও হুমকির মুখে: শেরেবাংলা নগরে শহীদ জিয়ার সমাধিতে ফখরুল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১১-০৭ ১৮:৩৬:৫০
ছবি: সংগৃহীত।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশে গণতন্ত্রকে পুনরায় হুমকির মুখে ফেলার গভীর চক্রান্ত চলছে।” শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি মোড় ঘোরানো দিন ছিল। দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ মানুষ সেদিন জাতীয় ঐক্যের মাধ্যমে বিদেশি আধিপত্যবাদী চক্রান্ত রুখে দিয়েছিল এবং দেশকে রক্ষা করেছিল।”
তিনি আরও বলেন, “সেদিন জাতির নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিত্ব থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। তাঁর নেতৃত্বেই দেশে বিচার বিভাগের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র ও বাজার অর্থনীতির ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল।”
বর্তমান প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব বলেন, “আজ গণতন্ত্র আবারও বিপন্ন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের মনে করিয়ে দেয়-ঐক্যবদ্ধ জাতিকে কখনও পরাজিত করা যায় না। আমরা জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও স্বাধীন বিচারব্যবস্থা প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাচ্ছি।”
তিনি উল্লেখ করেন, “৫ আগস্টের পর দেশ কিছুটা স্বস্তি পেলেও ন্যায়বিচার ও সুশাসনের অঙ্গীকার এখনো বাস্তবায়িত হয়নি। দেশের বিভিন্ন এলাকায় বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড চলছে—যা আইনের শাসনের পরিপন্থী।”
ফখরুল বলেন, “৭ নভেম্বর শুধু বিএনপির নয়, এটি সকল গণতন্ত্রপ্রেমী মানুষের দিন। এই চেতনা থেকেই আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছি।”
শেষে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও নেতৃত্বের চেতনাকে ধারণ করে দেশ পুনর্গঠনে সবার ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান।

কীওয়ার্ডস:
৭ নভেম্বর,মির্জা ফখরুল,গণতন্ত্র


এ জাতীয় আরো খবর