ফুটবল তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শনস্বরূপ ‘মিয়ামি শহরের চাবি’ তুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের মিয়ামি কর্তৃপক্ষ। স্থানীয় সময় সোমবার (৪ নভেম্বর) মিয়ামির কেসিয়া সেন্টারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মেয়র ফ্রান্সিস সুয়ারেজ মেসির হাতে এই প্রতীকী চাবি তুলে দেন।
২০২৩ সাল থেকে ইন্টার মিয়ামির হয়ে খেলছেন আর্জেন্টাইন কিংবদন্তি মেসি। ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই মিয়ামির ক্রীড়া সংস্কৃতি ও জনপ্রিয়তায় যেন নতুন প্রাণ সঞ্চার হয়েছে। শহরটির প্রতি মেসির অবদান এবং স্থানীয় ফুটবলে তার ইতিবাচক প্রভাবের স্বীকৃতিস্বরূপ এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টার মিয়ামির সহ-মালিক জর্জ মাসও। তিনি মেসির হাতে চাবি তুলে দিয়ে বলেন, “তুমি শুধু মাঠে নয়, এই শহরের প্রতিটি মানুষের হৃদয় জয় করেছো। এটি আমাদের পক্ষ থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতার প্রতীক।”
মেসি নিজের প্রতিক্রিয়ায় বলেন, “আমি সত্যিই সম্মানিত বোধ করছি। মিয়ামি এখন আমার দ্বিতীয় ঘর। এখানে আসার পর মানুষ যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছে, তা সত্যিই অবিশ্বাস্য।”
অনুষ্ঠানে মেসি গাঢ় ধূসর স্যুট পরে উপস্থিত ছিলেন। দর্শকরা তার প্রতিটি কথার পর করতালিতে মুখর হয়ে ওঠে হলভর্তি উপস্থিতি।
আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এ বিষয়ে মেসি বলেন, “১৯৯৪ সালের বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা নতুন উচ্চতায় পৌঁছেছিল। আমি বিশ্বাস করি, আসন্ন বিশ্বকাপ আবারও ফুটবলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ফুটবলের এই বিশ্ব আইকনের হাতে শহরের প্রতীকী চাবি তুলে দেওয়ার মধ্য দিয়ে মিয়ামির নাগরিকদের ভালোবাসা যেন নতুন করে প্রকাশ পেল।
কীওয়ার্ডস:
মেসি,মিয়ামি,ইন্টার মিয়ামি