বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ঐকমত্য কমিশনে বিএনপির ভণ্ডামির অভিযোগ এনসিপি’র মুখ্য সমন্বয়কের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১০-৩১ ০০:২৩:২৬
ছবি: সংগৃহীত।

ঐকমত্য কমিশনে বিএনপির নোট অব ডিসেন্টকে ‘নোট অব চিটিং’ বলে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় যুবশক্তি আয়োজিত “জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে?” শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপিই প্রথম অনৈক্যের জন্ম দিয়েছে। ঐকমত্য কমিশনে তাদের নোট অব ডিসেন্ট আসলে রাজনৈতিক সুযোগ নেওয়ার প্রচেষ্টা। তিনি সতর্ক করে বলেন, “নতুন বাংলাদেশে এমন ভণ্ডামি আর চলবে না। তরুণরাই বিএনপির দ্বিচারিতা প্রতিহত করবে।”
সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। এতে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন, ডা. তাসনিম জারা, ও ডা. খালেদ সাইফুল্লাহ।
এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, জুলাই সনদের বাস্তবায়ন এখন সময়ের দাবি। আইনি ভিত্তি নিয়ে কিছু দল বিভ্রান্তি ছড়াচ্ছে। “আমরা গণভোটে আপত্তি করি না, তবে ড. ইউনূসের হাতে সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে,” বলেন তিনি।
তিনি আরও বলেন, সরকারকে দ্রুত অধ্যাদেশ জারি করে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। “এখানে সই করার এখতিয়ার একমাত্র ড. মুহাম্মদ ইউনূসের,” মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
বিএনপি ও জামায়াতের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “তারা মুখে বিরোধিতা করলেও বাস্তবে আসন ভাগাভাগির হিসাব করছে। জামায়াত একাত্তরে ভুল করেছিল, এখনো সেই মানসিকতা থেকে বেরোতে পারেনি। এতে এনসিপির জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।”
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, “নির্বাচন কমিশনের জমিদারি আচরণ অগ্রহণযোগ্য। জুলাই সনদের আদেশ দ্রুত জারি করতে হবে। এনসিপির প্রতীক হবে শাপলাই—এটাই আমাদের পরিচয়।”

কীওয়ার্ডস: এনসিপি, বিএনপি, ঐকমত্য কমিশন


এ জাতীয় আরো খবর