বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, কোনো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি সিম থাকলে আগামী বৃহস্পতিবার, ৩০ অক্টোবরের পর অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে।
সম্প্রতি জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানিয়েছে, একজন ব্যক্তির নামে সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করার অনুমতি রয়েছে। এর বেশি থাকলে গ্রাহককে নিজ উদ্যোগে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা না করলে কমিশন স্বয়ংক্রিয়ভাবে সেগুলো বন্ধ করবে।
বিটিআরসি জানিয়েছে, গ্রাহকরা তাদের এনআইডির বিপরীতে কতটি সিম নিবন্ধিত আছে তা যাচাই করতে পারবেন। এজন্য মোবাইলে *১৬০০১# ডায়াল করে এনআইডির শেষ চার ডিজিট পাঠাতে হবে। এর মাধ্যমে নিবন্ধিত সিমের সংখ্যা জানা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রাহক চাইলে নিজের পছন্দমতো ১০টি সিম রেখে বাকিগুলো সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে ডি-রেজিস্টার করতে পারবেন। সময়সীমা পেরিয়ে গেলে বিটিআরসি দৈবচয়নের (random selection) ভিত্তিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করবে।
বিটিআরসি মনে করছে, এই পদক্ষেপের মাধ্যমে সিম কার্ডের অপব্যবহার, প্রতারণা ও সাইবার অপরাধ রোধে কার্যকর ভূমিকা রাখবে।
কীওয়ার্ডস: বিটিআরসি, সিম নিবন্ধন, এনআইডি সীমা