বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

টাঙ্গাইলে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

  • শিলা আক্তার
  • ২০২৫-১০-২৬ ১৮:৫৯:৩১

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ গোলাপী বেগমের স্বামী আব্দুল কাদের মরদেহটি শনাক্ত করেছেন।
রোববার (২৬ অক্টোবর) সকাল ৮টার দিকে মির্জাপুর পৌরসদরের বারই খালের বাইমহাটি অংশে (শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের দক্ষিণ-পূর্ব পাশে) স্থানীয়রা কচুরিপানার মধ্যে তার লাশ ভাসতে দেখে পুলিশকে জানায়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মরদেহের গলায় ওড়না পেঁচানো এবং এক পা জিআই তার দিয়ে বাঁধা ছিল। এছাড়া মুখেও আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের মা সমলা বেগম জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার পর তার মেয়ে নিখোঁজ হয়। নিখোঁজের সময় গোলাপীর মোবাইল ফোনও বন্ধ ছিল এবং খাল পার হওয়ার জন্য ব্যবহৃত নৌকাটিও অদৃশ্য ছিল। রাতে নৌকাটি বাইমহাটি প্রফেসর পাড়া এলাকার ব্রিজের কাছে কচুরিপানায় আটকে থাকতে দেখা যায়। ঘটনার দিন রাতেই নিহতের বাবা বিষা মিয়া মির্জাপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
নিহতের স্বামী আব্দুল কাদের জানান, পারিবারিক কলহের বিষয়ে এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয়। তবে তিনি স্ত্রীকে আগে থেকেই নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন ছিলেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “এটি একটি হত্যাকাণ্ডের ঘটনা। রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।”
 

 


এ জাতীয় আরো খবর