চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ১ নং খাস খতিয়ানভূক্ত ইজারা দেয়া বিভিন্ন সরকারি পুকুর ও সমবায় বিভাগ কর্তৃক নিবন্ধনকৃত সমিতি সদস্যদের অজ্ঞাতে ও বিভিন্ন উপায়ে এক শ্রেণির জালিয়াতচক্র জাল করছে দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন করেছে পুকুরগুলো থেকে সবিধে পাওয়া নাচোলের বিভিন্ন মৎসজীবী সমবায় সমিতি,ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ ও আশ্রায়ন প্রকল্পের বাসিন্দারা। সোমবার(২৮ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় নাচোল পৌর বাসস্ট্যান্ড মোড়ে প্রধান সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে ভূক্তভোগিরা জালিয়াতচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামণা করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন,বাউল মৎসজীবি সমিতির সভাপতি আব্দুর রহিম,শাহালালপুর মৎসজীবি সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার,ঘিওন সমবায় সমিতির সাধারণ সম্পাদক আমিন ইসলাম, আমজোয়ান আশ্রায়ন প্রকল্পের মাতুয়ারা বেগম,মোসা.আছিয়া প্রমুখ।
বক্তরা বলেন,এসব পুকুর থেকে তাদের লাভবান হবার কথা থাকলেও জালিয়াতচক্রের দখলদারির কারণে তাঁরা বঞ্চিত হচ্ছেন। এছাড়া নিয়মানুযায়ী মৎসজীবি না হলে পুকুর ইজারা পাবার কথা নয়। মানববন্ধনকারীরা অবিলম্বে এ সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামণা করেন।
এ ব্যাপারে নাচোল উপজেলা নির্বাহী অফিসার(ই্এনও) ও সভাপতি,উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি মোহাইমেনা শারমিন বলেন, জলমহাল নীতিমালা মেনেই ও সকল প্রক্রিয়া অনুসরণ করেই গত মে মাসে উপজেলার সরকারি পুকুরগুলো ইজারা দেয়া হয়েছে। এ ছাড়া পুকুর বরাদ্দে অনিয়মের কোন সুনির্দষ্ট অভিযোগ এখনও পওয়া যায় নি। পেলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া বরাদ্দের ব্যাপারে আপত্তি থাকলে জেলা প্রশাসকের নিকট আপীলের সূযোগ রয়েছে। এরপরও অভিযোগ থাকলে বিভাগীয় কমিশনারের নিকট আপত্তি করা যাবে। এছাড়া কোন সমবায় সমিতি কোনভাবে জাল করা সংক্রান্ত কোনও অভিযোগও পাওয়া যায় নি।