সোমবার, আগস্ট ১৭, ২০২৬

মির্জাপুরে পানিতে ডুবে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

  • শিলা আক্তার,
  • ২০২৫-১০-২৫ ১৯:১২:০১

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে ঝিনাই নদে পড়ে জুবায়ের হোসেন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
শনিবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের পাশের নদ থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুবায়ের ওই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে খেলার সময় পরিবারের অজান্তে জুবায়ের বাড়ির পাশের ঝিনাই নদে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও শিশুটির কোনো সন্ধান না পেয়ে স্বজনরা মির্জাপুর ফায়ার সার্ভিসে খবর দেন।
সংবাদ পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে তাদের সঙ্গে যোগ দেয়। তবে নদীর স্রোত ও গভীরতার কারণে তারা শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও শিশুটিকে উদ্ধার করতে পারেননি।
অবশেষে শনিবার সকালে স্থানীয়রা নদে ভাসমান অবস্থায় জুবায়েরের মরদেহ দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. বেলায়েত হোসেন বলেন, “আমরা ও টাঙ্গাইল থেকে আসা ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু শুক্রবার রাত পর্যন্ত কোনো ফল পাওয়া যায়নি।”
চার বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। 

 


এ জাতীয় আরো খবর