শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ,তিন দিনে দুই লজ্জার রেকর্ড বাংলাদেশের

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-১০-১৫ ১০:২৬:৫৫
ছবি: সংগৃহীত।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টানা ব্যাটিং বিপর্যয়ে জর্জরিত মেহেদী হাসান মিরাজের দল একের পর এক ম্যাচে ব্যর্থ হয়ে তিন দিনে ভেঙেছে নিজেদের দুইটি রেকর্ড।
এর আগে আফগানিস্তানের বিপক্ষে কখনো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়নি বাংলাদেশ। ২০২৩ সালে প্রথমবার নিজেদের মাটিতে সিরিজ হারে তারা, এরপর ২০২৪ সালেও ২-১ ব্যবধানে পরাজিত হয়। কিন্তু এবার ২০২৫ সালের সিরিজে লজ্জার ইতিহাস গড়ল মিরাজরা, হোয়াইটওয়াশের স্বাদ দিল আফগানরা।
দ্বিতীয় ওয়ানডেতে ১৯০ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশ ১০৯ রানে অলআউট হয়, যা আফগানিস্তানের বিপক্ষে তাদের সর্বনিম্ন স্কোরের নতুন রেকর্ড। এর আগে সর্বনিম্ন ছিল ১১৯ রান। কিন্তু সেই রেকর্ডও টিকল না দুই দিন। তৃতীয় ওয়ানডেতে ২৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ মাত্র ৯৩ রানে গুটিয়ে যায়। এতে শুধু সিরিজ হার নয়, রেকর্ডবইয়ে যোগ হলো আরেকটি লজ্জার অধ্যায়।
২০২৩ সালের পর থেকে আফগানিস্তানের বিপক্ষে বারবার ভেঙে পড়ছে বাংলাদেশের ব্যাটিং। প্রতিপক্ষের বোলিং আক্রমণের সামনে অসহায় হয়ে পড়ছে ব্যাটাররা, আর তাতে প্রশ্ন উঠেছে দলের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে।

কীওয়ার্ডস:বাংলাদেশ বনাম আফগানিস্তান,বাংলাদেশ হোয়াইটওয়াশ,বাংলাদেশ ক্রিকেট লজ্জা


এ জাতীয় আরো খবর