বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ রোধে কঠোর অবস্থানে বিজিবি

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৫-১০-১১ ২০:২৪:২৭
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ অস্ত্র,গুলি বা বিস্ফোরকের প্রবেশ রোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিবিজি), র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং পুলিশের বিভিন্ন ইউনিট সহ বাহিনীগুলো। সামনে নির্বাচনকে ঘিরে এই অবস্থান আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বাহিনীগুলোর কর্মকর্তারা। চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলার মধ্যে সদর,শিবগঞ্জ,গোমস্তাপুর এবং ভোলাহাট উপজেলা ভারত সীমান্ত ঘেরা। এর মধ্যে রয়েছে নদী সীমান্ত। রয়েছে কাঁটাতারের বেড়াবিহীনও কিছু সীমান্ত। সমগ্র চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মোতায়েন রয়েছে বিজিবি’র ৩টি পৃথক ব্যাটালিয়ন। বাহিনীগুলো সূত্রে জানা যায়,চাঁপাইনবাবগঞ্জ সীমান্তকে মাদক,অস্ত্রসহ বিভিন্ন পণ্য চোরাচালানের অন্যতম রুট হিসেবে চিহ্নিত করা হলেও সাম্প্রতিককালে অস্ত্র উদ্ধারের তেমন কোন ঘটনা ঘটে নি। অতীতের বহু ইতিহাস থাকলেও স্পর্শকাতর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অস্ত্র আসছে এমন তথ্য কোন বাহিনীর তরফে বা স্থানীয় কোন সূত্রে সম্প্রতি জানা যায় নি। তবে সম্ভাবনার কথা উড়িয়ে দেয় নি কেউ। বিগত ৬ সপ্তাহে দুটি ঘটনার কথা জানা গেছে। গত ২৩ সেপ্টেম্বর শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল,৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার হয়। কিন্তু এ ঘটনায় কেউ আটক হয় নি। এর আগে গত ২৪ আগষ্ট সদর উপজেলা সীমান্তে ৭ কেজি বিস্ফোরক (ককটেল বা হাতবোমা) তৈরীর উপাদান উপাদান জব্দ করে বিজিবি। এ ঘটনাতেও কেউ আটক হয় নি। তবে এ ব্যাপাওে ৫ জনকে পলাতক আসামী করে মামলা করে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিুজুর রহমান বলেন, ব্যাটালিয়নের আওতাধীন সদর ও শিবগঞ্জের আংশিক সীমান্তে নজরদারি চলছে। অস্ত্র প্রবেশের যে কোন চেষ্টা প্রতিহত করা হবে। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ব্যাটালিয়ন আংশিক শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় দায়িত্ব পালন করছে। কোনক্রমেই অস্ত্র পাচার হতে দেয়া হবে না। সার্বক্ষনিক নজরদারি অব্যহত রয়েছে। নওগাঁ ব্যাটলিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন,গোমস্তাপুর সীমান্তে ব্যাটালিয়ন কাজ করছে। সম্প্রতি এই সীমান্তে অস্ত্র চোরাচালানের কোন তথ্য জানা যায় নি। তবে এ সংক্রান্ত নজরদারি কঠোর করা হবে। র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট (বিএন) সাঈদ মাহমুদ সাদান বলেন, বিজিবির পাশাপাশি র‌্যাবও সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে কিনা তা নজরদারি করছে। সুনির্দিষ্ট তথ্য পেলেই যথাযথ প্রক্রিয়ায় অভিযান চালানো হবে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, সীমান্তে অস্ত্র ঢোকার সাম্প্রতিক তেমন কোন তথ্য বা ইঙ্গিত নেই। তবে জোর গোয়েন্দা নজরদারি চলছে।

এ জাতীয় আরো খবর