বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

স ঙ্গী তা ক র

  • বিপ্লবের মুখ
  • ২০২৫-১০-১০ ১৩:৩১:০৬

শত ব্যস্ততার আড়ালে ভুলে যেও না তাকে 
তার ক্ষতবিক্ষত নিথর দেহ যত্নে রেখো হৃদয়ে
প্রতিদিন সেখানে একটু একটু করে জমাও বিদ্বেষ 
তোমার বুক আগুন হোক 
ছাই হয়ে যাওয়া রাস্তায় যে উঠে দাঁড়াবে তার নাম রেখো প্রহ্লাদ 
তার কানে বলে দিও শুদ্ধ অন্তর পোড়ে না কখনো।

রাতের নিমগ্ন স্বপ্নে ভুলে যেও না তাকে 
যে মেয়েটির জন্য ঘুমন্ত রাত ছিলো নির্মমতায় ভরা
পরবর্তী সকালের সাইরেন যে শোনেনি আর 
তার জন্য তোমার মনকে অর্জুন করে তোলো 
তারপর নিজেই নিজের কানে দাও লক্ষ্যভেদ মন্ত্র
নিজেকে বলো তুমিই পারবে 
তুমিই পারবে লক্ষ্যটা ঠিক রাখতে। 

উৎসবের আনন্দে ভুলে যেওনা তাকে 
যার কথা ছিলো আনন্দে মেতে ওঠার
অথচ ঝরে গেছে অসময়ে 
তোমার উদারতাকে উন্মুক্ত করো তার জন্য
তোমাদের বন্ধুত্বের নাম হোক শ্রীকৃষ্ণ 
নিজেকে বলো তুমিই পারো দেখাতে পথের নিশানা। 

তোমার দিন থেকে রাত পর্যন্ত সময়ে একবার মনে করো তাকে 
যে মেয়েটির রক্তাত্ব যোনি দিয়ে গেছে জনস্রোত
তার পাশে দাঁড়িয়ে নিজেকে ডাকো বিকর্ণ বলে
সহস্র রুদ্ধকন্ঠ হার মানবে 
তোমার‌ই দিকে চেয়ে। 

জাগিয়ে রাখো তাকে চেতনায়, জাগিয়ে রাখো স্বপ্নে,
প্রতিনিয়ত ভাবো তার বিকৃত মুখের ছবি 
সে একদিন তোমাকে এনে দেবে নতুন ভোর
দূর হয়ে যাবে অন্ধকার কলুষতা
তোমার ভীরুতার আগল খুলে আসবে আন্দোলন, 

বন্ধু, নতুন ভোর আনতে একটা মুখ দরকার 
তুমি শুধু মনে রেখো তাকে।


(যে মেয়েটি বিচার পায়নি এ লেখা তারই জন্য)

 


এ জাতীয় আরো খবর