মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

রা কী ব হা সা ন

  • স্কারলেট মোশন
  • ২০২৩-০৮-২৬ ১৩:৩৮:১১

তোমাকে দেখলে আচ্ছন্নভাব,
পড়ে যাই রঙের প্যালেটে।
বুঝতে পারো অন্ধ আছে কেউ,
তাই অন্ধকারে স্কারলেট মোশনে নেমে আসছো কালোগঙ্গা ---
কি দেখাতে উন্মুক্ত রাখো
কয়েক হাজার মাইল রক্তাভ মনের মার্জিন?
তোমার ঘরে হাতে বানানো তেল রঙে
অগোছালো মেঘে ডুব দেয় নদী-বুভুক্ষু জ্যোৎস্নার আকাশ।
কতবার পড়ে যাই
পড়তে পড়তে ভুলে যাই,
খুব বেশি লাল হয়ে যাচ্ছে দেখার সাহস।

খোলা জানালায়
বাতাসের ভাঁজ হয়ে আসা ঘরে
কি সর্বনাশ হয়ে যায় ---
আমি পড়ে আছি, চেয়ে আছি,
নেচে যাচ্ছে ফিগারে ম্যাজেন্টার রহস্য-রূপ!
রঙের ভিতরে বাসতে বাসতে বলতে ভুলে যাই
তোমাকেই আঁকছিলাম শিমূলের শূন্য ডালে,
একটি বসন্ত যেটুকু পারে, ওইরকম ভালো।

প্রতিদিন ঢালা রঙে তোমার পায়ের ছাপ,
যুগলবন্দী ক্রিমসন কিনারে ---
দেখি, কামসূত্রে মোড়া ভাস্কর্যের আদিম যোগ!
স্কারলেট মোশনে প্রাণের উদ্বেল স্রোতে উড়ে যাচ্ছো,
ঠোঁটে স্পষ্ট জলের দাগ।
বাঁশির ধীর লয়ে
তোমার তাকিয়ে দেখার কামড়ে
পড়ে থাকি সমান্তরালের মাঝখানে।
পড়তে পড়তে দেখতে থাকি, যাচ্ছো!
আমারও অদৃশ্য হচ্ছে না তোমার ভিতরে যাওয়া, বহুকাল।

 


এ জাতীয় আরো খবর