মঙ্গলবার, মে ২৬, ২০২৬

বিদ্যুৎ-পানি সংকটে বিক্ষোভে রক্তপাত, সরকার ভেঙে দিলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-০১ ০৮:৩২:০৮
ছবি: সংগৃহীত।

মাদাগাস্কারে চলমান বিদ্যুৎ ও পানি সংকটজনিত বিক্ষোভে অন্তত ২২ জন নিহত হওয়ার পর পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি নিজের সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন।
ভাষণে প্রেসিডেন্ট বলেন, *“আমার সরকারের ব্যর্থতার দায় আমি নিচ্ছি। যদি আমার মন্ত্রিসভার কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে থাকে, তবে সেই দায়িত্বও আমি স্বীকার করছি। আমি দেশবাসীর কাছে দুঃখিত।”* তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সহায়তার প্রতিশ্রুতি দেন এবং তরুণ প্রজন্মের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান।
বিদ্যুৎ ও পানির সংকটে গত ২৫ সেপ্টেম্বর রাজধানী আন্তানানারিভো থেকে যে আন্দোলন শুরু হয়েছিল, তা দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে। মূলত তরুণরা ‘জেন-জি’ ব্যানারে এই আন্দোলনের নেতৃত্ব দেয়। সহিংসতায় প্রাণহানির পাশাপাশি শতাধিক মানুষ আহত হন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। জাতিসংঘও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
রাজধানীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল-সন্ধ্যা কারফিউ জারি করা হয়েছে। পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট ব্যবহার করলেও বিক্ষোভকারীরা জাতীয় সঙ্গীত গেয়ে মিছিল চালিয়ে যান। এরই মাঝে কয়েকটি সুপারমার্কেট, ব্যাংক ও রাজনীতিবিদদের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
পর্যবেক্ষকরা বলছেন, পুনর্নির্বাচনের পর এটি প্রেসিডেন্ট রাজোয়েলিনার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সংকট। প্রায় তিন কোটি মানুষের দেশ মাদাগাস্কার আফ্রিকার দরিদ্রতম রাষ্ট্রগুলোর একটি, যেখানে বিশ্বব্যাংকের তথ্যমতে ৭৫ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বাস করে।
তরুণদের নেতৃত্বে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সংগঠিত এই আন্দোলনকে আন্তর্জাতিক তরুণদের প্রতিবাদের সঙ্গে তুলনা করা হচ্ছে। আয়োজকরা স্বীকার করেছেন, তারা কেনিয়া, নেপাল ও মরক্কোর সাম্প্রতিক আন্দোলন থেকে অনুপ্রেরণা নিয়েছেন। এমনকি আন্তানানারিভোর রাস্তায় নেপালের পতাকাও দেখা গেছে।

কীওয়ার্ডস:মাদাগাস্কার বিক্ষোভ,সরকার ভেঙে দিল প্রেসিডেন্ট,বিদ্যুৎ পানি সংকট,আন্তানানারিভো সহিংসতা


এ জাতীয় আরো খবর