চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বাস শ্রমিকদের (চালক,সহকারী ও সুপারভাইজার) বেতন ও সুবিধাদি বৃদ্ধিকে কেন্দ্র করে মালিক ও বাস শ্রমিকদের দ্বন্দের জেরে তৃতীয় দফায় টানা চারদিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী ও নাটোর থেকে একযোগে ঢাকাসহ দুরপাল্লার বিভিন্ন রুটে বাস চলাচল সোমবার(২৯ সেপ্টেম্বর) বিকাল থেকে পূণরায় শুরু হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকায় মলিক ও শ্রমিক আলোচনায় পূণরায় অবলিম্বে বাস চলাচল শুরুর সিদ্ধান্ত হয়। তবে টানা এই বন্ধের মধ্যে ২/১টি কোম্পানীর বাস চলেছে বলে সরেজমিনে চাঁপাইনবাবগঞ্জের ঢাকা বাসস্ট্যান্ড ঘুরে এবং মালিক ও শ্রমিক সুত্রে নিশ্চিত হওয়া গেছে।
প্রথম দফায় গত ৮ ও ৯ সেপ্টেম্বর,দ্বিতীয় দফায় গত ২২ ও ২৩ সেপ্টেম্বর দাবী আদায়ে শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিলেও তৃতীয় দফায় মালিকরা তিন জেলা থেকে একযোগে গত বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা থেকে বাস চলাচল বন্ধ করে দেন বলে উভয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
সোমবার বিকাল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জের ঢাকা বাস স্ট্যান্ডের শ্যামলী পরিবহনের কাউন্টার মাষ্টার রমিজ আলী বলেন, বিকাল সোয়া ৩টার দিকে ঢাকা থেকে বাস চালুর সিদ্ধান্ত জানানো হয়। তবে কি সমঝোতা হয়েছে তা এখনও বিস্তারিত জানা যায় নি।
জানা গেছে,দ্বিতীয় দফায় বন্ধের পর ঢাকায় মলিক ও শ্রমিকদের সমঝোতায় গত মঙ্গলবার(২৩সেপ্টেম্বর) বিকাল থেকে রাজশাহী অঞ্চলের তিন জেলা থেকে বাস চলাচল শুরু হয়। তবে মাত্র দু’দিন চলার পর সমঝোতায় বর্ধিত বেতন চালু না হতেই গত বৃহস্পতিবার রাত থেকে আবারও জেলাগুলো থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। গত বৃহস্পতিবার থেকেই বর্ধিত কাঠামোর বেতন,ভাতা চালু হবার কথা ছিল। যা শ্রমিকরা হাতে পান নি।
এদিকে এ ভাবে বারবার বাসবন্ধে আবারও চরম দূর্ভোগে পড়েন যাত্রীরা। পুজার সময় আচমকা এমন বন্ধে পূর্বে থেকে টিকেট কেটে অনেকেই বাসষ্ট্যান্ডে এসে ফিরে যান বা বিকল্প উপায়ে গন্তব্যে যান।
বাংলাদেশ বাস ও ট্রাক ওনার্স এসোসিয়েশন সদস্য ও গ্রামীন ট্রাভেলস এমডি আব্দুর রাকিব বলেন, সোমবার ঢাকায় তিন জেলার শ্রমিক নেতৃবৃন্দের সাথে মালিকদের আলোচনায় বাস চালুর সিদ্ধান্ত হয়। শ্রমিকরা গত ২৩ সেপ্টেম্বর সমঝোতার পরও তাঁদের অতিরিক্ত দাবি থেকে কিছুটা সরে আসেন। মালিকরা কিছু সুবিধা বাড়ান।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান বলেন, ঢাকায় সভায় অংশ নেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েসন চেয়ারম্যান রমেশ ঘোষ(শ্যামলী), ভাইস চেয়ারম্যান বজলুর রহমান রতন(দেশ),বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি দুদু বক্স,সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর সহ তিন জেলার শ্রমিক নেতারা।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি ও নাটোর মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, শ্রমিকদেও বেতন,সুবিধা তো গত ২৩ সেপ্টেম্বর বৈঠকে বাড়ানোই হয়। তবে মালিকরা কিছু কারণে বৃহস্পতিবার রাত থেকে বাস বন্ধ করে। এখন এর অবসান হয়েছে।