বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আবারও কবরস্থনে মাটির নীচে পুঁতে মজুদ ককটেলের বিস্ফোরণ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-২৮ ১৯:০৬:৩৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়  রানীহাটী ইউনিয়নে দু’সপ্তাহের ব্যবধানে আবারও  একটি পারিবারিক গোরস্থানে মাটির নীচে পুঁতে মজুদ ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এতে ১০ ইঞ্চি পাকা গোরস্থানের  সীমানা প্রাচীরে ফাটল সৃষ্টি হয়েছে। মাটিতে  সৃষ্টি হয়েছে গর্ত। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,রোববার(২৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে রানীহাটী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাইঞ্চাপাড়া গ্রামের ওই গোরস্থানে মাটির নীচে পুঁতে একত্রে মজুদ ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের বাড়িঘর সহ এলাকার  মানুষ আতংকিত হয়ে পড়ে। স্থানীয় সূত্র একত্রে  ৮/১০টি ককটেলের ভয়াবহ  বিস্ফোরনের কথা জানালেও পুলিশ জানায়, ৬/৭টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, জরুরী সেবা  নং ৯৯৯ মারফৎ খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ বেশ দূর পর্যন্ত বিস্ফোরণের আলামত খুঁজে পায়। ঘটনাস্থলে বারুদের গন্ধ পাওয়া যায়। তবে কে বা কারা কি উদ্দেশ্যে কতগুলি ককটেল মজুদ করেছিল তা বিস্তারিত তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ধারণা করা হচ্ছে চলমান  দাবদাহের কারণে বিস্ফোরণ ঘটতে পারে। এ ঘটনায় কেউ আটক হয় নি। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।
উল্লেখ্য, এর আগে গত ১৫ সেপ্টেম্বর গভীর রাতে  একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ধুমিহায়াতপুর গ্রামের একটি পারিবারিক গোরস্থানের সীমানা প্রাচীরের পাশে পুঁতে রাখা মজুত ককটেল বিস্ফোরিত হয়। এত ওই পাকা প্রাচীরের বেশ বড় একটি অংশ ধ্বসে যায়।


এ জাতীয় আরো খবর