জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় নিউইয়র্কে অনুষ্ঠিত থেয়ারওয়ার্ল্ডের বার্ষিক উচ্চপর্যায়ের গ্লোবাল এডুকেশন ডিনারে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁকে দেওয়া হয় ‘আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড’।
শিক্ষা ও সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে যুগান্তকারী অবদান এবং মানবকল্যাণে আজীবন প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। এসময় বিশ্বব্যাপী শিক্ষা সংকট নিরসন ও নতুন প্রজন্মের সম্ভাবনা বিকাশে থেয়ারওয়ার্ল্ডের উদ্যোগগুলোও তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা বিষয়ক বিশেষ দূত ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং থেয়ারওয়ার্ল্ডের চেয়ার সারা ব্রাউন। অনুষ্ঠানে শিক্ষার রূপান্তরমূলক শক্তি ও মানবিক উন্নয়নে এর ভূমিকা বিশেষভাবে আলোচিত হয়।
অধ্যাপক ইউনূস ছাড়াও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি সম্মাননা পান। তবে মাইক্রোক্রেডিট কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও শিক্ষাকে এর কেন্দ্রে অন্তর্ভুক্ত করার কারণে ইউনূসের স্বীকৃতি বিশেষ গুরুত্ব পায়।
গর্ডন ব্রাউন বলেন, গত পঞ্চাশ বছরে বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর মুক্তিতে গ্রামীণ ব্যাংকের মডেল সবচেয়ে কার্যকর উদাহরণ। ইউনূসকে তিনি “বিশ্বব্যাপী এক পথপ্রদর্শক” বলে অভিহিত করেন।
পুরস্কার গ্রহণকালে অধ্যাপক ইউনূস জানান, খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও আর্থিক সহায়তা সবার জন্য মৌলিক অধিকার হওয়া উচিত। তিনি বলেন, “যদি আর্থিক ব্যবস্থার দরজা সবার জন্য খোলা হয়, তবে দারিদ্র্য দূরীকরণ সম্ভব।” নারীদের ক্ষমতায়ন ও শিক্ষাকে কেন্দ্র করে মাইক্রোক্রেডিট কার্যক্রম কিভাবে হাজারো পরিবারকে দারিদ্র্য থেকে মুক্ত করেছে তা তিনি উদাহরণসহ তুলে ধরেন।
শিক্ষা ব্যবস্থার সংস্কারের আহ্বান জানিয়ে ইউনূস বলেন, “শিশুদের ছোটবেলা থেকেই সৃজনশীলতা ও উদ্যোক্তা মানসিকতার শিক্ষা দিতে হবে। বিশ্ববিদ্যালয় হওয়া উচিত এমন জায়গা, যেখানে মানব সমস্যার সমাধান খোঁজা হবে।”
কীওয়ার্ডস:ড. মুহাম্মদ ইউনূস,আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড,মাইক্রোক্রেডিট,শিক্ষা উন্নয়ন,দারিদ্র্য বিমোচন