শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

দু’দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী ও নাটোর থেকে ঢাকাসহ দুরপাল্লার রুটে বাস চলাচল শুরু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-২৩ ২১:৩৪:৩৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
শ্রমিকদের বেতন,ভাতা বৃদ্ধির দাবিতে রাজশাহী অঞ্চলের তিন জেলা অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী ও নাটোর থেকে ঢাকাসহ দুরপাল্লার বিভিন্ন রুটে  টানা দু’দিন বন্ধের পর বাস চলাচল পূণরায় শুরু হয়েছে। গত সোমবার(২২ সেপ্টেম্বর) সকাল থেকে মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর) বিকাল অন্তত: সাড়ে ৪টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী ও নাটোর  থেকে ঢাকাসহ দুরপাল্লার রুটে ২/১টি কোম্পানী ব্যাতীত  একযোগে দুরপাল্লার কোন বাস চলাচল করে নি। এ অবস্থায় দূর্ভোগে পড়েন যাত্রীরা। অনেকেই বাসষ্ট্যান্ডে এসে ফিরে যান  বা বিকল্প উপায়ে গন্তব্যে যান।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও  কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান বলেন, মঙ্গলবার বিকালে সমস্যা সমাধানে ঢাকায় মালিক ও শ্রমিকদের সভা অনুষ্ঠিত হয়। সভায় দাবি-দাওয়া মেনে নেওয়ায় তাৎক্ষনিক বাস চলাচল শুরু করার সিদ্ধান্ত হয়।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, এই সমস্যার সাথে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি,বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন  এবং বাংলাদেশ বাস ও ট্রাক ওনার্স এসোসিয়েশন সম্পৃক্ত। তারা বারবার শ্রমিকদের নায্য দাবি নিয়ে বসার কথা জানালেও  কালক্ষেপণ করে বসে নি। শেষ গত ২১ সেপ্টেম্বর বসতে  চেয়েও না বসায় গত সোমবার(২২ সেপ্টেম্বর) সকাল থেকে তিন জেলার বাস শ্রমিকরা  দাবি আদায়ে একযোগে বাস চলাচল বন্ধ করে দেয়। মঙ্গলবার বিকালে ঢাকায় সড়ক পরিবহন মালিক সমিতি  সভাপতি দুদু বক্স,বাংলাদেশ বাস ও ট্রাক ওনার্স এসোসিয়েশন সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ  এবং তিন জেলার  শ্রমিক নেতৃবৃন্দ সভা করে সমঝোতা করেন।
নাটোর মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, মঙ্গলবার বিকাল ৩টা থেকে  ৪টা পর্যন্ত চলা সভায়  শ্রমিকদের দাবি দাওয়া মেনে নেয়  মালিক পক্ষ। এরপর আন্দোলনকারী ৩ জেলা থেকে গাড়ি চালুর ঘোষণা দেয়া হয়।
মঙ্গলবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের ঢাকা বাসষ্ট্যান্ডের গ্রামীন ট্রাভেলস এর ম্যানেজার স্বপন হোসেন  বলেন, মালিক-শ্রমিক সমন্বয় হয়েছে বলে জানা গেছে। সে অনুযায়ী রাত থেকে বড় কোম্পানীগুলোর বাস চলবে। দেশ ট্রাভেলস এর ম্যানেজার শরিফুল ইসলাম বলেন,  ঢাকার সমঝোতা বৈঠকে চালকের বেতন বৃদ্ধির খবর জানা গেছে। এখনও সকল খঁটিনাটি জানা যায় নি। তবে গাড়ী চলাচল বিকাল থেকেই শুরু হয়েছে। 


এ জাতীয় আরো খবর