জাতিসংঘ আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার (২০ সেপ্টেম্বর) দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে এ সিদ্ধান্তের ইঙ্গিত দেয়।
এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি অভিযোগ তোলে যে, ইরান ২০১৫ সালের পারমাণবিক চুক্তির শর্ত ভঙ্গ করছে। সেই অভিযোগের ভিত্তিতে তারা জাতিসংঘে নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য ‘৩০ দিনের প্রক্রিয়া’ শুরু করেছে। ওই চুক্তির মূল লক্ষ্য ছিল তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে অগ্রসর হওয়া থেকে বিরত রাখা।
এ নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, নিষেধাজ্ঞা পুনর্বহাল হলেও ইরান তা অতিক্রম করতে সক্ষম। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি জানান, “স্ন্যাপব্যাকের মাধ্যমে তারা পথ রুদ্ধ করতে চায়, কিন্তু নতুন পথ সৃষ্টির ক্ষমতা আমাদের আছে। তারা আমাদের থামাতে পারবে না।”
তিনি আরও বলেন, “আমরা কোনো অতিরিক্ত চাপের কাছে নতি স্বীকার করব না। পরিস্থিতি বদলানোর শক্তি আমাদের হাতেই।”
বিশ্লেষকরা মনে করছেন, যদি ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া কার্যকর হয়, তবে ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি, বৈশ্বিক সম্পদ জব্দ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আবারও কার্যকর হয়ে যাবে। এতে তেহরান-আন্তর্জাতিক সম্পর্ক নতুন উত্তেজনায় পড়তে পারে।
কীওয়ার্ডস:ইরান নিষেধাজ্ঞা,আইএইএ সহযোগিতা স্থগিত,স্ন্যাপব্যাক প্রক্রিয়া,পারমাণবিক চুক্তি ইরান