সুদানের দারফুর অঞ্চলের আল-ফাশের শহরে এক মসজিদে ড্রোন হামলায় অন্তত ৭৮ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে ফজরের নামাজ চলাকালে চালানো এ হামলায় আরও প্রায় ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।
আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে এ হামলার জন্য দায়ী করা হলেও গোষ্ঠীটি এখনও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব স্বীকার করেনি। দুই বছরের বেশি সময় ধরে আরএসএফ ও সেনাবাহিনীর সংঘর্ষ চলছে, যার কেন্দ্রস্থলে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আল-ফাশের শহর।
ইয়েল বিশ্ববিদ্যালয়ের হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাবের বিশ্লেষণ অনুযায়ী, শহরের বাইরে বাস্তুচ্যুতদের শিবিরের বড় অংশ ইতোমধ্যেই আরএসএফের নিয়ন্ত্রণে চলে গেছে। জাতিসংঘ সতর্ক করেছে, এই সংঘাত ক্রমেই জাতিগত রূপ নিচ্ছে এবং সাধারণ মানুষ ভয়াবহ ঝুঁকির মুখে পড়ছে।
মানবাধিকার সংস্থাগুলোর মতে, আরএসএফ প্রকাশ্যে অ-আরব সম্প্রদায়ের বিরুদ্ধে জাতিগত নির্মূলের হুমকি দিয়েছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছে গোষ্ঠীটি। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল।
কীওয়ার্ডস: সুদান ড্রোন হামলা,দারফুর সংঘাত,আরএসএফ,আল-ফাশের শহর,জাতিসংঘ সতর্কতা