হলিউডের সোনালী যুগের নক্ষত্র, কিংবদন্তি অভিনেতা রবার্ট রেডফোর্ড আর নেই। ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার ভোরে উটাহর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। পরিবার সূত্রে জানা গেছে, ঘুমের মধ্যেই শান্তভাবে চলে যান এ অস্কারজয়ী তারকা। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানানো হয়নি।
রেডফোর্ডের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে। তিনি শুধু অভিনেতা নন, পরিচালক, প্রযোজক এবং স্বাধীন চলচ্চিত্রের পথিকৃত হিসেবেও পরিচিত ছিলেন। ২০০২ সালে সম্মানসূচক অস্কার, ২০১৭ সালে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে আজীবন সম্মাননা গোল্ডেন লায়ন এবং ২০১৬ সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন তিনি।
১৯৩৬ সালে লস অ্যাঞ্জেলসে জন্ম নেওয়া রেডফোর্ড ৬০-এর দশকে অভিনয় জগতে প্রবেশ করেন এবং দ্রুতই হলিউডের জনপ্রিয় মুখে পরিণত হন। তাঁর বিখ্যাত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে *বাচ কেসিডি অ্যান্ড দ্য সানড্যান্স কিড*, *দ্য স্টিং*, *আউট অব আফ্রিকা*, *স্পাই গেম* এবং *দ্য হোর্স হুইসপার*।
সানড্যান্স ফিল্ম ইনস্টিটিউট ও সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল প্রতিষ্ঠার মাধ্যমে তিনি স্বাধীন চলচ্চিত্র আন্দোলনেরও অগ্রদূত ছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্ব চলচ্চিত্র অঙ্গন এক অনন্য প্রতিভাকে হারালো।
কীওয়ার্ডসঃ রবার্ট রেডফোর্ড মৃত্যু,হলিউড কিংবদন্তি,অস্কারজয়ী অভিনেতা,সানড্যান্স ফেস্টিভ্যাল,স্বাধীন চলচ্চিত্র