মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

সর্বকালের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন রোনালদো

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৯-১৩ ১৩:৫৯:৩৪
ফাইল ছবি

পর্তুগিজ লিগ থেকে বিশেষ সম্মাননা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে ‘গোট’ বা সর্বকালের সেরা খেলোয়াড়ের পুরস্কারে ভূষিত করা হয়েছে। নিজ দেশের এমন স্বীকৃতি পেয়ে ভীষণ গর্বিত অনুভব করছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
দুই দশকেরও বেশি সময় ইউরোপের শীর্ষ ক্লাবে দাপট দেখিয়েছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস— প্রতিটি ক্লাবের হয়েই শতাধিক গোল করেছেন এবং জিতেছেন লিগ শিরোপা। চ্যাম্পিয়নস লিগে গড়েছেন অসংখ্য রেকর্ড। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২২৩ ম্যাচে ১৪১ গোল করে আছেন এক অনন্য উচ্চতায়।
বর্তমানে ৪০ বছর বয়স হলেও রোনালদোর ছুটে চলা থামেনি। সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে আরও দুই বছরের চুক্তি করেছেন তিনি। পুরস্কার পাওয়ার পর ভিডিও বার্তায় রোনালদো বলেন, “সর্বকালের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া আমার জন্য বিশাল সম্মান। সতীর্থ, কোচ ও ভক্তদের প্রতি আমি কৃতজ্ঞ, যারা সবসময় আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে।”
চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে দীর্ঘদিন ধরে গোট বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা রোনালদো এখনও নতুন রেকর্ডের পথে ছুটছেন। ক্যারিয়ারে ১ হাজার গোল পূরণের স্বপ্ন পূরণ করতে দরকার আরও ৫৭ গোল। একইসঙ্গে তিনি তাকিয়ে আছেন ২০২৬ বিশ্বকাপে জাতীয় দলের সাফল্যের দিকে।

কীওয়ার্ডসঃ ক্রিশ্চিয়ানো রোনালদো,গোট পুরস্কার,পর্তুগিজ লিগ,আল নাসর,রোনালদো রেকর্ড


এ জাতীয় আরো খবর