আর্জেন্টিনার প্রতিশ্রুতিশীল তরুণ ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোকে অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে দেখা যাচ্ছে না। তাকে ছাড়তে রাজি নয় রিয়াল মাদ্রিদ। ক্লাবের কোচ জাবি আলোনসো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ১৮ বছর বয়সী তারকা আপাতত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকবেন।
রিভার প্লেট থেকে ৪৫ মিলিয়ন ইউরোর রেকর্ড চুক্তিতে রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই মাস্তান্তুয়ানো নজর কেড়েছেন। লা লিগায় ইতিমধ্যেই শুরুর একাদশে খেলার সুযোগ পেয়েছেন তিনি। ভবিষ্যতের বড় সম্পদ হিসেবে বিবেচিত হওয়ায় লস ব্লাঙ্কোস কোনোভাবেই তাকে বয়সভিত্তিক টুর্নামেন্টে ছাড়তে চাইছে না।
যদিও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে, কর্মকর্তারা ইউরোপে গিয়ে সরাসরি আলোচনার চেষ্টা করবেন। কারণ, এ বছরের শুরুতেই সিনিয়র দলে ভেনেজুয়েলার বিপক্ষে অভিষেক করেছিলেন মাস্তান্তুয়ানো। তাই আর্জেন্টিনা তাকে দলে চাইছে মরিয়া হয়ে।
তবে বাস্তবতা কঠিন। অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে অংশ নিতে গেলে রিয়াল মাদ্রিদকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের অন্তত সাতটি ম্যাচে এই তরুণকে হারাতে হবে। আলোনসো মনে করছেন, এই সময় ক্লাবেই থাকা মাস্তান্তুয়ানোর বিকাশের জন্য সবচেয়ে উপযোগী।
এদিকে আগামী সপ্তাহান্তে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে এই প্রতিভাবান উইঙ্গারের। অন্যদিকে আর্জেন্টিনা ১৫ সেপ্টেম্বর ঘোষণা করবে অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের চূড়ান্ত দল। তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে, আপাতত আকাশি-সাদা নয়, সাদা জার্সিতেই আলো ছড়িয়ে যাবেন মাস্তান্তুয়ানো।
কীওয়ার্ডস: ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো,রিয়াল মাদ্রিদ সংবাদ,আর্জেন্টিনা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ,জাবি আলোনসো সিদ্ধান্ত,তরুণ ফুটবল তারকা