দেখবো আবার দুচোখ ভরে পদ্ম তোমার রূপ
যে রূপ দেখে পাগল আমি হয়ে গেছি চুপ।।
সকালবেলার রোদে তোমার রূপ করে ঝিলমিল
হেসে ওঠো ঝিলের জলে কী মধুর খিলখিল।
রৌদ্র-ছায়ায় দেখতে লাগে কেমন অপরূপ।।
পাপড়ি থেকে শিশির কণা চুপটি করে ঝরে
তোমায় দেখে ভোরও আলো বিলায় অকাতরে।
জলের কোলে রাঙাপরি দুলছো লোভাতুর
হৃদয়ে-তারে বাজাও এসে স্বপ্ন-বেহাগ সুর।
তোমার জন্য এই হৃদয়ে পুড়ছে কেন ধূপ।।