মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

টোনালির শেষ মুহূর্তের গোলেই বাঁচল ইতালি, ৯ গোলের রোমাঞ্চে হার ইসরায়েলের

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৯-০৯ ১৩:০৮:০০
ছবি: সংগৃহীত।

রোমাঞ্চকর এক ম্যাচে শেষ মুহূর্তে সান্দ্রো টোনালির গোলেই রক্ষা পেল ইতালি। সোমবার রাতে হাঙ্গেরির মাঠে ৯ গোলের নাটকীয় লড়াইয়ে ইসরায়েলকে ৫-৪ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে টিকে থাকল আজ্জুরিরা।
জুনে নরওয়ের কাছে হারের পর চাপেই ছিল ইতালি। সেই চাপ আরও বেড়ে যায় যখন ইসরায়েল ম্যাচে দু’বার এগিয়ে যায়। তবে দারুণ দক্ষতায় দুইবার সমতা ফেরান মোইসে কিন। এরপর মাত্তেও রেতেগুইয়ের ব্যাকহিল পাস থেকে মাত্তেও পলিতানো গোল করলে এগিয়ে যায় ইতালি। কিছুক্ষণ পরই জিয়াকোমো রাসপাদোরির গোল স্কোরলাইন ৪-২ করে দেয়।
কিন্তু ম্যাচের উত্তেজনা তখনো শেষ হয়নি। মাত্র দুই মিনিটের ব্যবধানে ডর পেরেতজের জোড়া গোলে ইসরায়েল সমতায় ফেরে—৪-৪। খেলা যখন ড্র-এর দিকেই যাচ্ছিল, যোগ করা সময়ে বাঁকানো শটে গোল করেন টোনালি। ডিফেন্ডার ও গোলরক্ষকের ফাঁক গলে বল জালে ঢুকে নাটকীয় জয় নিশ্চিত করে আজ্জুরিদের।
তবে ম্যাচে ইতালির ডিফেন্স ছিল একেবারেই নড়বড়ে। দুটি আত্মঘাতী গোল এবং গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার একাধিক ভুল সমালোচনার জন্ম দিয়েছে।
রাজনৈতিক আবহও ম্যাচে প্রভাব ফেলেছিল। গাজা যুদ্ধের কারণে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবির পর খালি গ্যালারিতেই বাজানো হয় ইসরায়েলের জাতীয় সংগীত, যেখানে হুইসেল শোনা যায়। অন্যদিকে, জেরুজালেমে হামলায় নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে ইসরায়েলি খেলোয়াড়রা।
এই জয়ে গ্রুপ ‘আই’-এ ইসরায়েলকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইতালি। চার ম্যাচে পূর্ণ জয়ে শীর্ষে রয়েছে নরওয়ে।

কীওয়ার্ডস: ইতালি বনাম ইসরায়েল,বিশ্বকাপ বাছাইপর্ব,টোনালির গোল,৯ গোলের ম্যাচ,আজ্জুরি জয়


এ জাতীয় আরো খবর